‘নতুন’ মারাকানায় ব্রাজিল-ইংল্যান্ড লড়াই
নতুন রুপে গড়ে ওঠা বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে রোববার এক প্রীতি ম্যাচে স্বাগতিক ব্রাজিলের প্রতিপক্ষ ইংল্যান্ড।
২০১৪ বিশ্বকাপের জন্য নতুনভাবে সেজে ওঠার পর মারাকানায় এটাই প্রথম আন্তর্জাতিক ম্যাচ। যদিও স্টেডিয়ামটি পুরোপুরি গড়ে না ওঠার কারণ দেখিয়ে রিও ডি জেনিরোর একটি আদালত খেলাটি বন্ধ করার নির্দেশ দেন। তবে এরপর নিষেধাজ্ঞা তুলে নেন আরেকজন বিচারক।
প্রীতি ম্যাচ হলেও এই লড়াইকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন নেইমার। ব্রাজিলের তারকা ফরোয়ার্ড বলেন “নতুন মারাকানার উদ্বোধন আমরা জয় দিয়ে উদযাপন করতে চাই। তাই আমাদের জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোচকে খুশি করা।”
ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ এনে দেয়ার লক্ষ্য নিয়ে দ্বিতীয় বারের মতো কোচের দায়িত্ব নেয়া লুই ফেলিপে স্কলারির শুরুটা ভালো হয়নি। তার অধীনে এ পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে ব্রাজিল, একটিতে হেরেছে, বাকি তিনটি ড্র।
একমাত্র হারটি আবার ইংল্যান্ডের বিপক্ষে, গত ৬ ফেব্রুয়ারি লন্ডনের ওয়েম্বলিতে ২-১ গোলে। এবার তাই নেইমারদের সামনে প্রতিশোধের সুযোগ।
মুখোমুখি লড়াইয়ে অবশ্য ব্রাজিল অনেক এগিয়ে। আগের ২৪টি লড়াইয়ে ব্রাজিলের ১১টি জয়ের বিপরীতে ইংল্যান্ডের জয় মাত্র চারটি। বাকি ৯টি ড্র।
