২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের মেয়েদের ফুটবল ‘মিশন’

এএফসি মহিলা এশিয়া কাপের বাছাই পর্বে অংশ নিতে বৃহস্পতিবার ঢাকায় আসা ইরানের মহিলা ফুটবল দল শুক্রবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে অনুশীলন করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2013, 04:28 PM

Updated : 23 Aug 2022, 10:46 AM

আগামী মঙ্গলবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিপক্ষ ইরান, ফিলিপাইন ও থাইল্যান্ড।

দেড় ঘণ্টার অনুশীলন শেষে দলটির পর্তুগিজ কোচ হেলেনা কস্টা বলেন, “পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার লক্ষ্যে আমরা কয়েক দিন আগে ঢাকায় এসেছি। এখানকার খাবার এবং আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়াও আমাদের লক্ষ্য।”

দলের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, “গত অক্টোবর থেকে এই টুর্নামেন্টের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের দলে বেশ কয়েক ভালো খেলোয়াড় আছে। ফেব্রুয়ারিতে জর্ডান ও রাশিয়ার সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ আমাদের দারুণ উপকারে এসেছে।”

ইরানের অধিনায়ক ফাতেমা আরজাঙ্গি বলেন, “এখানে আসার আগে আমরা বাংলাদেশ ও ফিলিপাইনের মেয়েদের খেলার ভিডিও দেখে নিজেদের প্রস্তুত করেছি। আশা করি এই টুর্নামেন্টে ভালো খেলবো।”