২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় হওয়ার আরো কাছে রিয়াল

শিরোপা ধরে রাখার আশা প্রায় শেষ, তবে স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের রানার্স আপ হওয়ার সম্ভাবনা আরো উজ্জ্বল। মালাগাকে ৬-২ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে আরো সুসংহত তারা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 09 May 2013, 03:12 PM

Updated : 25 Apr 2022, 06:42 PM

লা লিগার আরেক ম্যাচে সেল্টা ভিগোর মাঠ থেকে ৩-১ গোলের জয় ফেরা আতলেতিকো মাদ্রিদও ধরে রেখেছে তৃতীয় স্থান।

৩৫টি করে ম্যাচ খেলে রিয়াল ও আতলেতিকোর সংগ্রহ যথাক্রমে ৮০ ও ৭২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৮৮ পয়েন্ট নিয়ে বার্সেলোনার শিরোপা পুনরুদ্ধার প্রায় নিশ্চিত। সেজন্য আর মাত্র দুই পয়েন্ট প্রয়োজন তাদের।

চতুর্থ স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদের ৩৪ ম্যাচে ৫৮ পয়েন্ট। তাই বার্সার পাশাপাশি রিয়াল ও আতলেতিকোর আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবাউয়ে রিয়ালের হয়ে ২০০তম গোলের (১৯৭ ম্যাচে) দেখা পাওয়ার দিনে আরেকটি গোল পেতে পারতেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু ২২ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি।

রোনালদো ছাড়া রিয়ালের অন্য ৫ গোলদাতা রাউল আলবিওল, মেসুত ওজিল, করিম বেনজেমা, লুকা মদ্রিচ ও অ্যাঞ্জেল ডি মারিয়া। মালাগার গোল দুটি করেন রকে সান্তা ক্রুজ ও ভিতোরিনো আন্তুনেস।

২১ মিনিটে সার্জিও সানচেজ সরাসরি লাল কার্ড এবং ৭২ মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার মার্টিন দেমিচেলিস দ্বিতীয় হলুদ কার্ড দেখায় ৯ জন নিয়ে খেলা শেষ করতে হয় অতিথি মালাগাকে।