২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেকে ফিরে পাওয়া এমিলি

গত দুই মৌসুম একদমই ভালো কাটেনি। সেই হতাশা পেছনে ফেলে এবার জ্বলে উঠেছেন স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। এ মৌসুমে শেখ রাসেল ক্রীড়া চক্রের তিনটি শিরোপা জয়ের অন্যতম নায়ক তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাহমুদুল হাসান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 04:30 PM

Updated : 23 Aug 2022, 10:41 AM

বিদেশিদের পেছনে ফেলে এখন পর্যন্ত মৌসুমের সবচেয়ে বেশি গোল এমিলির। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ৬, ফেডারেশন কাপে ৮ ও স্বাধীনতা কাপে চার গোল মিলিয়ে মৌসুমে তার সর্বমোট গোল ১৮টি। অথচ গত দুই মৌসুম খুবই খারাপ কেটেছে এমিলির। ২০১০-১১ মৌসুমে তার ক্লাব শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিগ শিরোপা জিতলেও তাকে বেশির ভাগ সময় সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছিল। ২০১১-১২ অর্থাৎ গত মৌসুমে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে যোগ দিলেও অবস্থার উন্নতি হয়নি। গত দুই মৌসুমে আটটি করে মাত্র ১৬টি গোল করেছিলেন তিনি। তবে এবার শেখ রাসেল ক্রীড়া চক্রে যোগ দিয়ে ছন্দ ফিরে পেয়েছেন তিনি। নিয়মিত একাদশে জায়গা পেয়েছেন, কোচের আস্থার প্রতিদানও দিয়েছেন। ছন্দ ফিরে পাওয়ার জন্য শেখ রাসেলের কোচ মারুফুল হকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এমিলি বলেন, “অন্য কোচ হলে আমার বদলে কোনো বিদেশি স্ট্রাইকারকে হয়তো প্রাধান্য দিতেন। কিন্তু কোচ আমার ওপরে আস্থা রেখেছেন। সেজন্য আমি তার কাছে কৃতজ্ঞ।” “লিগে এখনো আমাদের একটি ম্যাচ বাকি আছে। আশা করি মৌসুমে ২০ গোলের লক্ষ্য পূরণ করতে পারবো।” বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সাবেক শিক্ষার্থী এমিলির ঘরোয়া লিগের সর্বোচ্চ আসরে আগমন ২০০২ মৌসুমে। ২০০৬ পর্যন্ত টানা চার বছর খেলেন ব্রাদার্স ইউনিয়নে। ব্রাদার্সে তার দুর্দান্ত পারফরম্যান্স আগ্রহী করে তোলে আবাহনীকে। ২০০৬-০৭ ও ২০০৭-০৮ মৌসুমে সব মিলিয়ে ৪৯ গোল করেছিলেন এমিলি। ঐ ‍দুই মৌসুমই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী। এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, শেখ জামাল, মুক্তিযোদ্ধার পর এ মৌসুমে যোগ দেন শেখ রাসেলে। ২০০৯-১০ মৌসুমে মোহামেডানের হয়ে ১৮ গোল করলেও দলকে লিগ শিরোপা এনে দিতে পারেননি। পরের দুই মৌসুম শেখ জামাল ও মুক্তিযোদ্ধায় ব্যর্থ হলেও এবার সাফল্যের আলোয় উদ্ভাসিত এমিলি।