ফুটবল লিগের শিরোপাও শেখ রাসেলের
ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের পর এ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপাও জিতে নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২-১ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা জয় নিশ্চিত করেছে তারা।
১৫ ম্যাচ থেকে শেখ রাসেলের সংগ্রহ ৩৫ পয়েন্ট। সমান ম্যাচে আবাহনী লিমিটেড ও শেখ জামালের পয়েন্ট যথাক্রমে ২৯ ও ২৮। প্রত্যেক দলের আর একটি করে ম্যাচ বাকি।
২০০৩ সালে প্রথম বারের মতো ঢাকার প্রিমিয়ার লিগে অংশ নিয়ে রানার্সআপ হয়েছিল শেখ রাসেল। তবে পেশাদার লিগে এটাই তাদের প্রথম শিরোপা।
চ্যাম্পিয়ন হওয়ার জন্য শেষ দুই ম্যাচে মাত্র এক পয়েন্টের প্রয়োজনিয়তার সামনে দাঁড়িয়ে থাকা শেখ রাসেল ৩৮ মিনিটে নাইজেরীয় মিডফিল্ডার আলফ্রেড অ্যামোপির গোলে পিছিয়ে পড়ে।
দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা নিয়ে আসেন ফরোয়ার্ড জাহিদ হোসেন। শেষ বাঁশির তিন মিনিট আগে পেনাল্টি থেকে শেখ রাসেলের জয়সূচক গোলদাতা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি।
খেলা শেষে এমিলি বলেন, “লিগ শিরোপা জয়ী দলের সদস্য হতে পেরে এবং শিরোপা নির্ধারণী ম্যাচে গোল করতে পেরে খুব ভালো লাগছে।”
শেখ রাসেলের কোচ মারুফুল হকের এটাই প্রথম লিগ শিরোপা। তিনি বলেন, “লিগ শিরোপা জয়ের তৃপ্তিই আলাদা। একজন কোচের জন্য এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। আমার কোচিংয়ে দল শিরোপা জিতেছে বলে আমি খুশি। এটা সব খেলোয়াড়ের সম্মিলিত প্রচেষ্টার ফসল। তার সঙ্গে দলের কর্মকর্তাদের আন্তরিকতা যোগ হওয়ায় আমরা শিরোপা পেয়েছি।”
শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরীও উচ্ছ্বসিত প্রথম বারের মতো লিগ শিরোপা জিতে। তিনি বলেন, “এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের এই শিরোপায় কোনো কলঙ্কের দাগ না থাকায় বেশি ভালো লাগছে। গত কয়েকটি লিগেই শিরোপা জয়ী দলের বিরুদ্ধে পাতানো খেলার অভিযোগ উঠেছিল। তবে এ ধরনের অভিযোগ ছাড়াই আমরা শিরোপা জিতেছি।”
