২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাবাডিতে আবার মারামারি

গত মঙ্গলবার বিজেএমসি-আনসার বাংলাদেশ গেমস মহিলা কাবাডির ফাইনাল শেষে মারামারি হয়েছিল। তার রেশ কাটতে-না কাটতেই শুক্রবার পুরুষ কাবাডিতে বাংলাদেশ সেনাবাহিনী-বাংলাদেশ পুলিশ ম্যাচে মারামারি হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 01:45 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

পল্টন কাবাডি স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ন্যক্কারজনক ঘটনাটির সূত্রপাত। ১৯-১২ পয়েন্টে এগিয়ে থাকা সেনাবাহিনীর আবু সালেহ মুসা রেইড করতে গেলে পুলিশের খেলোয়াড়রা তাকে ধরে ফেলেন। রেফারি বাঁশি বাজানোর পরও তাকে আটকে রাখা হয়।

তখনই শুরু হয়ে যায় মারামারি। সেনাবাহিনীর খেলোয়াড়রা প্রতিপক্ষের খেলোয়াড়দের ওপরে চড়াও হন। তারা দাবি করেন, মুসাকে আটকে রেখে পুলিশের খেলোয়াড়রা কিল-ঘুঁষি মেরেছেন।

হাতাহাতির এক পর্যায়ে দুই দলের সমর্থকরাও যোগ দেন। সেনাবাহিনীর মুসাকে আহত হয়ে হাসপাতালে যেতে হয়েছে।

পুলিশের দাবি, তাদের ৬/৭ জন আহত হয়েছেন।

এই ঘটনার সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান। তিনি বলেন, “আমি পুলিশের খেলোয়াড়দের মাঠ থেকে বের করে না আনলে ঘটনা আরো অনেক দূর গড়াত। এমন দুঃখজনক ঘটনা কাম্য নয়।”

এরপর দুই দলের খেলোয়াড়রা ম্যাটের ওপর দীর্ঘক্ষণ বসে থাকলেও খেলা আর শুরু হয়নি।

মহিলা কাবাডির ফাইনালের ঘটনা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হলেও এখনো কাউকে শাস্তি দেয়া হয়নি। যদিও তিন দিনের মধ্যে তদন্ত করে দোষীদের শাস্তি দেয়ার কথা জানানো হয়েছিল।