দ্রুততম মানব-মানবী মেজবাহ-বিউটি
বিকেএসপির মেজবাহ আহমেদ এবং বিজেএমসির নাজমুন্নাহার বিউটি এখন বাংলাদেশের দ্রুততম মানব-মানবী।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ গেমসের ১০০ মিটার স্প্রিন্টে মেজবাহ ১০.৭৫ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন।
সোমবার ২০০ মিটারে ব্যর্থ হলেও ১০০ মিটারে কোনো ভুল করেননি বিউটি। ১২.৫২ সেকেন্ড সময় নিয়ে সবাইকে পেছনে ফেলেছেন তিনি।
পুরুষদের ১০০ মিটারে রুপা পেয়েছেন বিকেএসপির আবু রায়হান। ব্রোঞ্জ গত বছরের জাতীয় অ্যাথলেটিক্সে বিজয়ী সেনাবাহিনীর মোহন খানের।
মহিলাদের বিভাগে রুপা ২০০ মিটারে সোনা জয়ী বিকেএসপির জাকিয়া সুলতানার। ব্রোঞ্জ জাকিয়ার বিকেএসপি-সতীর্থ শিরিন আক্তারের।
নতুন দ্রুততম মানব হয়ে দারুণ খুশি মেজবাহ। তিনি বলেন, “অ্যাথলেটিক্স শুরু করার পর থেকেই স্বপ্ন ছিল দেশের দ্রুততম মানব হওয়ার। বাংলাদেশ গেমসে আমরা সে স্বপ্ন পুরণ হয়েছে। এই সাফল্য ভবিষ্যতে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে।”
মেজবাহ আরো বলেন, “আমি ক্রীড়া পরিবার থেকে এসেছি। আমার মা একজন অ্যাথলেট ছিলেন। তিনিও স্প্রিন্টার ছিলেন। এটাই আমাকে অ্যাথলেটিক্সে আসার প্রেরণা যুগিয়েছে। এখন আমার লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার, দক্ষিণ এশীয় গেমসে পদক জেতার। লক্ষ্য পূরণে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করবো।”
২০১১ সালে জাতীয় অ্যাথলেটিক্সে প্রথম বারের অংশ নিয়ে ব্রোঞ্জ পেয়েছিলেন মেজবাহ। গত বছর ছিল রুপা।
মেজবার সাফল্যে মোহন খান বেশ অবাক। তিনি বলেন, “মেজবার এই পারফরম্যান্স আমাকে বিস্মিত করেছে। সাধারণত ১০০ মিটারে তীব্র লড়াই হলেও এবার মেজবাহ আমাদের চেয়ে অনেক এগিয়ে ছিল। তবে আগামী জাতীয় অ্যাথলেটিক্সেই বোঝা যাবে এই সম্মানের সে কতটা যোগ্য।”
“আমি অবশ্য সব সময়ই চাই নতুন কেউ উঠে আসুক। ভবিষ্যতে তরুণরাই দেশের মুখ উজ্জ্বল করবে,” যোগ করেন মোহন।
২০০ মিটারে ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রত্যেক জাতীয় অ্যাথলেটিক্সে শিরোপা জিতলেও এবারের বাংলাদেশ গেমসে ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বিউটিকে। ঐ ব্যর্থতার ৪৮ ঘণ্টা পর দ্রুততম মানবীর সম্মান পেয়ে তিনি বলেন, “২০০ মিটারে হেরে যাওয়ার পর ১০০ মিটারে ভালো করার জেদ চেপে বসে আমার মধ্যে। ভালো করার আত্মবিশ্বাসও ছিল।”
রুপা পাওয়া জাকিয়া বলেন, “আমার শুরুটা ভালো হয়নি। তাই শেষ পর্যন্ত লড়াইয়ে পেরে উঠতে পারিনি।”
অ্যাথলেটিক্স ফেডারেশন অবশ্য ভুল করে জাকিয়াকে ব্রোঞ্জ আর শিরিনকে রুপা দিয়েছে। এ প্রসঙ্গে প্রতিযোগিতার প্রধান বিচারক কিতাব আলী বলেন, “আমাদের ভুল হয়েছে। পরে আমরা এটা ঠিক করে দেবো।”
