হ্যান্ডবলের ফাইনালে বিজিবি-পুলিশ
বাংলাদেশ গেমসের পুরুষদের হ্যান্ডবলের ফাইনালে উঠেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার ফাইনাল।
মঙ্গলবার সেমিফাইনালে বিজিবি ৩৬-১৫ গোলে কুষ্টিয়াকে এবং পুলিশ ৪২-১৮ গোলে টাঙ্গাইলকে হারিয়েছে।
বাস্কেটবলের দ্বিতীয় রাউন্ডে সেনাবাহিনী ৮১-৪৭ পয়েন্টে গাজীপুরকে, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ৫৮-৫২ পয়েন্টে চট্টগ্রামকে, বিজিবি ১০১-৫৫ পয়েন্টে রাজশাহীকে ও নৌবাহিনী ৭৫-৪০ পয়েন্টে বিমানবাহিনীকে হারিয়েছে।
মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠানরত রাগবিতে ঢাকা ১৯-৫ পয়েন্টে সিরাজগঞ্জকে, মুন্সীগঞ্জ ৪৭-৭ পয়েন্টে বাগেরহাটকে, চট্টগ্রাম ১৪-৫ পয়েন্টে ফরিদপুরকে, নড়াইল ৬২-৫ পয়েন্টে মাদারীপুরকে, ঢাকা ১০-৫ পয়েন্টে ফরিদপুরকে ও মুন্সীগঞ্জ ৩৯-৩৬ পয়েন্টে মাদারীপুরকে হারিয়েছে।
টেনিসের মহিলা এককে শারমিন আলম সারদা ৭-৬, ৬-৩ গেমে আফরানা ইসলামকে এবং ঈশিতা আফরোজ ৫-৭, ৬-৪, ৬-০ গেমে শাহ সাফিনাকে হারিয়ে ফাইনালে উঠেছে।
মহিলাদের দ্বৈতে প্রীতি-লক্ষী জুটি ঈশিতা-আয়েশা জুটিকে এবং সারদা-সাথী জুটি মৌ-রেবেকা জুটিকে হারিয়ে ফাইনালে উঠেছে।
মিশ্র দ্বৈতে শারদা-মোফাজ্জল জুটি রিপা-ওমর জুটিকে এবং সাথী-মিলন জুটি সাফিনা-মামুন জুটিকে হারিয়ে ফাইনালে উঠেছে।
