২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিউটির বিস্ময়কর ব্যর্থতা

মহিলাদের ২০০ মিটার দৌড়ে ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রত্যেক জাতীয় অ্যাথলেটিক্সে সাফল্য পেয়েছিলেন নাজমুন্নাহার বিউটি। কিন্তু এবারের বাংলাদেশ গেমসে তিনি ব্যর্থ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 03:32 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই ইভেন্টে জাতীয় রেকর্ড গড়ে সোনা জিতেছেন বিকেএসপির জাকিয়া সুলতানা। তার সময় লেগেছে ২৫.০০ সেকেন্ড। রুপা জাকিয়ার বিকেএসপি সতীর্থ শিরিন আক্তারের (২৫.১০ সেকেন্ড)। বিউটির (২৫.৫০) প্রাপ্তি ব্রোঞ্জ।

গত বছরের জাতীয় অ্যাথলেটিক্সে বিউটির কাছে হেরেই জাকিয়া রুপা জিতেছিলেন।

পুরুষদের ২০০ মিটার দৌড়েও সোনা পেয়েছে বিকেএসপি। ২১.৫০ সেকেন্ড সময় নিয়ে আবু রায়হান সবার আগে ফিনিশিং টেপ ছুঁয়েছেন। সেনাবাহিনীর আজহারুল ইসলাম (২১.৬০ সেকেন্ড) রুপা এবং মারুফ হোসেন (২১.৮০) জিতেছেন ব্রোঞ্জ।

সোমবার অ্যাথলেটিক্সের অন্যান্য ইভেন্টে পুরুষদের ১৫০০ মিটার দৌড়ে বর্ডার গার্ড বাংলাদেশের মোহাম্মদ সজীব, মহিলাদের একই ইভেন্টে বিজেএমসির রওশন আরা পুতুল, মহিলাদের হাইজাম্পে বিজেএমসির রত্না ইসলাম, পুরুষদের শটপুটে সেনাবাহিনীর মামুন শিকদার, ৪০০ মিটার হার্ডলসে বিমানবাহিনীর আফজাল হোসেন, মহিলাদের ৪x১০০মিটার রিলেতে বিজেএমসি ও পুরুষদের বর্শা নিক্ষেপে সেনাবাহিনীর রাশেদুজ্জামান সোনা জিতেছেন।