ফুটবলে ঝিনাইদহ ও রংপুরের জয়
রোববার বাংলাদেশ গেমস ফুটবলে জয় পেয়েছে ঝিনাইদহ ও রংপুর।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ঝিনাইদহ ২-০ গোলে নোয়াখালীকে হারিয়েছে। বিজয়ী দলের দুই গোলদাতা আবুল হাসান ও উজ্জ্বল।
পরের ম্যাচে রংপুর ৩-২ গোলে নওগাঁকে হারিয়েছে। রংপুরের মেহেদী হাসান দুটি ও রাতুল হোসেন একটি এবং নওগাঁর জিয়া ও রানা একটি করে গোল করেন।
হকির সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী, ঢাকা, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও কুমিল্লা। সোমবার প্রথম সেমিফাইনালে সেনাবাহিনীর প্রতিপক্ষ ঢাকা, দ্বিতীয় সেমিফাইনালে বিকেএসপি খেলবে কুমিল্লার বিপক্ষে।
টেনিসের মহিলা এককে বিকেএসপির শাহ সাফিনা, একই দলের ঈশিতা আফরোজ, মাদারীপুর টেনিস ক্লাবের পিঙ্কী বেপারী ও নরসিংদী টেনিস ক্লাবের নাদিয়া আফরিন রিপা কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
দাবা শুরু হয়েছে রোববার থেকে। পুরুষ বিভাগে দেশের পাঁচ গ্র্যান্ড মাস্টার, দুই আন্তর্জাতিক মাস্টারসহ ৯৪ জন এবং মহিলা বিভাগে দুই আন্তর্জাতিক মহিলা মাস্টারসহ ৫০ জন দাবাড়ু অংশ নিচ্ছেন।
