শেষ আটে নাদাল-জোকোভিচ
মোনাকোয় অনুষ্ঠানরত মন্টে কার্লো মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ। তবে হেরে গেছেন অ্যান্ডি মারে।
বৃহস্পতিবার তৃতীয় রাউন্ডে প্রতিযোগিতার টানা আট বারের চ্যাম্পিয়ন নাদাল ৬-২, ৬-৪ গেমে জার্মানির ফিলিপ কোলশ্রাইবারকে হারিয়েছেন। মন্টে কার্লো মাস্টার্সে এটি তার টানা ৪৪তম জয়।
দ্বিতীয় রাউন্ডের মতো এদিনও লড়াই করে জিততে হয়েছে র্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় জোকোভিচকে। আর্জেন্টিনার হুয়ান মোনাকোকে ৪-৬, ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন তিনি।
তবে সুইজারল্যান্ডের স্টানিস্লাস ওয়ারিঙ্কার কাছে ৬-১, ৬-২ গেমে হেরে গেছেন লন্ডন অলিম্পিক ও ইউএস ওপেন চ্যাম্পিয়ন মারে।
ইতালির ফ্যাবিও ফগনিনির কাছে ৬-৪, ৬-২ গেমে হার মেনেছেন চেক প্রজাতন্ত্রের টমাস বার্দাইচও।
