২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুস্থ হয়ে অনুশীলনে মেসি

চোট কাটিয়ে সেরে উঠে অনুশীলনে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বৃহস্পতিবার বার্সেলোনা কর্তৃপক্ষ সুখবরটি দিয়েছে মেসি-ভক্তদের।

রয়টার্স

.

রয়টার্স

Published : 18 Apr 2013, 06:54 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, “বৃহস্পতিবারের অনুশীলনের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন লিও (লিওনেল) মেসি।”

অর্থাৎ পায়ের পেশির (হ্যামস্ট্রিং) চোট কাটিয়ে আগামী মঙ্গলবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে খেলতে কোনো সমস্যা নেই মেসির।

প্যারিস সেইন্ট জার্মেইয়ের মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে প্রথমার্ধের শেষ দিকে পায়ের পেশিতে টান পড়ায় মাঠের বাইরে চলে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। খেলাটি ২-২ গোলে ড্র হয়েছিল।

ফিরতি লেগে ঘরের মাঠে ১-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় দ্বিতীয়ার্ধে মেসিকে মাঠে নামান বার্সার কোচ টিটো ভিলানোভা। চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলারের নৈপুণ্যে ম্যাচটি ১-১ গোল ড্র করে প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার সুবাদে সেমিফাইনালে চলে যায় বার্সা।