ইতালিয়ান কাপের ফাইনালে রোমা
ইতালিয়ান কাপের ফাইনালে উঠেছে এএস রোমা। সেমিফাইনালের ফিরতি লেগে ইন্টার মিলানকে ৩-২ গোলে হারানোয় ৫-৩ অগ্রগামিতা শিরোপার শেষ ধাপে পৌঁছে দিয়েছে তাদের।
ঘরের মাঠে প্রথম লেগে ২-১ গোলে জিতেছিল রোমা। আগামী ২৬ মে রোমের স্তাদিও অলিম্পিকোয় অনুষ্ঠেয় ফাইনালে তাদের প্রতিপক্ষ লাৎসিও।
সান সিরোতে ২২ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার জোনাথন সিসেরোর গোলে এগিয়ে যায় স্বাগতিক ইন্টার। প্রথমার্ধে আর গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় রোমা। ৫৫ থেকে ৭৪, ১৯ মিনিটের মধ্যে তিন গোল করে ফাইনাল নিশ্চিত করে ফেলে তারা। প্রথম দুটি গোল করেন ইতালিয়ান স্ট্রাইকার মাত্তিয়া দেস্ত্রো। শেষটির গোলদাতা গ্রিক ডিফেন্ডার ভাসিলিস তোরিসিদিস।
৮০ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার রিকার্ডো আলভারেজ ব্যবধান কমালেও তাতে স্বাগতিকদের কোনো লাভ হয়নি।
