২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্টে কার্লোতে নির্ভার নাদাল

বাঁ হাঁটুর চোট কাটিয়ে দীর্ঘ ৭ মাস পর কোর্টে ফিরে জিতে নিয়েছেন চারটি শিরোপা। মাঝে কিছু দিন বিশ্রাম নেয়ায় মন্টে কার্লো মাস্টার্সের লড়াইয়ে নামার আগে রাফায়েল নাদাল দারুণ নির্ভার।

রয়টার্স

.

রয়টার্স

Published : 16 Apr 2013, 07:13 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

মোনাকোর ক্লে কোর্টের এই প্রতিযোগিতায় নাদালের অবিশ্বাস্য সাফল্য। ২০০৫ থেকে ২০১২, সর্বশেষ ৮টি মন্টে কার্লো মাস্টার্সেই এই স্প্যানিশ তারকা চ্যাম্পিয়ন।

গত রোববার থেকে শুরু হয়েছে এবারের প্রতিযোগিতা। তবে সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাওয়ায় বুধবার কোর্টে নামবেন নাদাল।

মোনাকোতে ফিরতে পেরে একই সঙ্গে আনন্দিত ও নির্ভার নাদাল। তিনি বলেন, “লাতিন আমেরিকা এবং ইন্ডিয়ান ওয়েলসে আমি চমৎকার চারটি সপ্তাহ কাটিয়েছি। ৭ মাসের বিরতির পর এত ম্যাচ খেলা সহজ কথা নয়। ভালো ভাবে সেরে উঠে, এখানে ফিরে আসার সর্বাত্মক চেষ্টা করেছি আমি। অতীতের মতো এবার আমি অতটা চাপ অনুভব করছি না।”

আগামী ২৬ মে থেকে শুরু হবে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন। ক্লে কোর্টের একমাত্র গ্র্যান্ড স্লামে রেকর্ড ৭ বারের চ্যাম্পিয়ন নাদাল মন্টে কার্লো মাস্টার্স দিয়ে শুরু করবেন শিরোপা ধরে রাখার প্রস্তুতি।