২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার সেমিফাইনালে বার্সেলোনা

কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে প্যারিস সেন্ট জার্মেই বা পিএসজির সঙ্গে ১-১ গোলে ড্র করে টানা ষষ্ঠ বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 11 Apr 2013, 01:50 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

পিএসজির মাঠে প্রথম লেগ ২-২ গোলে ড্র হওয়ায় দুই লেগ মিলিয়ে ফলাফল ৩-৩। তবে প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার সুবাদে বার্সার ঘরে আবার শেষ চারে ওঠার আনন্দ।

বুধবার রাতের অন্য ম্যাচে জুভেন্টাসের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফেরা বায়ার্ন মিউনিখও শেষ চারে জায়গা করে নিয়েছে। ঘরের মাঠে প্রথম লেগ একই ব্যবধানে জিতেছিল জার্মান বুন্দেসলিগার নতুন চ্যাম্পিয়নরা।

সেমিফাইনালে ওঠা অন্য দুই দল রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড। শুক্রবার সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হবে।

প্রথম লেগে প্রথমার্ধের শেষ দিকে উরুর পেশিতে (হ্যামস্ট্রিং) টান পড়ায় মাঠ থেকে বেরিয়ে যান লিওনেল মেসি। চোট থেকে সেরে না ওঠায় গত শনিবার স্প্যানিশ লা লিগায় রিয়াল মায়োর্কার বিপক্ষে মাঠে নামতে পারেননি।

ঘরের মাঠ নিউ ক্যাম্পে ফিরতি লেগেও দলের সবচেয়ে বড় তারকাকে পাওয়া নিয়ে সংশয়ে ছিল বার্সা। খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে বার্সা জানায়, প্রথম একাদশে না থাকলেও প্রয়োজনে মাঠে নামবেন চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ চার আসরের সর্বোচ্চ গোলদাতা।

গোলশূন্য প্রথমার্ধের পর ৫০ মিনিটে হাভিয়ের পাস্তোরের গোলে পিছিয়ে পড়ার পর মেসিকে মাঠে নামান বার্সার কোচ টিটো ভিলানোভা। ৬২ মিনিটে নিষ্প্রভ সেস ফ্যাব্রেগাসের জায়গায় নামার সময় টানা চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে বিপুল হর্ষধ্বনি দিয়ে স্বাগত জানায় প্রায় এক লাখ মানুষ।

সম্পূর্ণ ফিট না হলেও মেসি মাঠে নামার পরই পাল্টে যায় স্বাগতিক দল। গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে তারা।

৭১ মিনিটে সমতাসূচক গোলটির অন্যতম স্থপতিও মেসি। তার ডিফেন্স চেরা পাস বক্সের মধ্যে খুঁজে পায় ডেভিড ভিয়াকে। সামনে দুই ডিফেন্ডার থাকায় ভিয়া নিজে শট না নিয়ে আলতো টোকায় বাড়িয়ে দেন পেদ্রো রদ্রিগেজের দিকে। পেদ্রোর বাঁ পায়ের জোরালো শট ফেরানো সম্ভব হয়নি পিএসজি গোলরক্ষকের।

শেষ দিকে বার্সার রক্ষণভাগে ফাটল ধরিয়ে গোল করার চেষ্টা করেছিল পিএসজি। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।

খেলা শেষে মেসির প্রশংসা করে পেদ্রো বলেন, “সপ্তাহ জুড়ে মেসি ভীষণ পরিশ্রম করেছে। আজ মাঠে নামার পর দলকে দারুণ সাহায্যও করেছে। আমরা তাকে ধন্যবাদ জানাতে চাই। সে-ই সেরা খেলোয়াড়। সে আমাদের অনুপ্রাণিত করেছে এবং আমরা তার সুফলও পেয়েছি।”