জুভেন্টাসের জয়, মিলানের ড্র
ইতালিয়ান সেরি-আ’য় গতবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস জয় পেলেও ড্র করেছে এসি মিলান।
ঘরের মাঠে জুভেন্টাস ২-১ গোলে পেসকারাকে হারিয়েছে। আর দশ জনের দলে পরিণত ফিওরেন্তিনার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মিলান।
টানা পঞ্চম জয়ে ৩১ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে জুভেন্টাসের শিরোপা ধরে রাখার সম্ভাবনা আরো উজ্জ্বল। দ্বিতীয় স্থানে থাকা নাপোলি তাদের চেয়ে ১২ পয়েন্ট পেছনে। তবে নাপোলি একটি ম্যাচ কম খেলেছে। ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মিলান।
পেসকারার বিপক্ষে জুভেন্টাসের জয়ের নায়ক মন্টেনেগ্রোর স্ট্রাইকার মার্কো ভুসিনিচ। দ্বিতীয়ার্ধে ৬ মিনিটের ব্যবধানে দুটি গোলই করেন তিনি।
ফিওরেন্তিনার মাঠে ১৪ ও ৬২ মিনিটে দুই মিডফিল্ডার রিকার্ডো মন্টোলিভো ও ম্যাথিউ ফ্লামিনির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে জয়ের স্বপ্ন দেখছিল মিলান। কিন্তু ৬৬ ও ৭৩ মিনিটে স্বাগতিক দলের স্ট্রাইকার অ্যাডেম লিয়াজিচ ও মিডফিল্ডার ডেভিড পিজারো গোল করলে তাদের সেই স্বপ্ন ভেঙ্গে যায়।
৩৯ মিনিটে লাল কার্ড দেখেন ফিওরেন্তিনার ডিফেন্ডার নেনাদ তোমোভিচ।
