রিয়ালের সহজ জয়
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে গ্যালতাসারাইকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দিনের অন্য খেলায় মালাগার সঙ্গে গোল শূন্য ড্র করেছে বরুসিয়া ডর্টমুন্ড।
সান্তিয়াগো বার্নাবাউয়ে গোল পেয়েছেন স্বাগতিকদের তিন স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজামা ও গঞ্জালো হিগুয়াইন।
মাত্র নয় মিনিটে রিয়ালকে এগিয়ে নেন দলের সবচেয়ে বড় তারকা রোনালদো। মেসুত ওজিলের পাস থেকে করা নবম এই গোলের সুবাদে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এখন তিনিই।
২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেনজামা, ৭৩ মিনিটে ফ্রিকিক থেকে বদলি হিগুয়াইনের গোল স্বাগতিকদের সহজ জয় নিশ্চিত করে।
বিচ্ছিন্ন দুয়েকটা আক্রমণ গড়লেও সত্যিকারের কোনো সুযোগ সৃষ্ট করতে পারে নি তুরস্কের দল গ্যালতাসারাই। টুর্নামেন্টে এই প্রথম কোনো দল রিয়ালের বিপক্ষে গোল করতে ব্যর্থ হল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ জোসে মরিনিয়ো বলেন, “রিয়াল খুব ভালো খেলেছে। ওরা খুব পরিশ্রম করে খেলেছে। আর শুরুর গোল ব্যবধান গড়ে দিয়েছে, এটাই খেলা পরিবর্তন করেছে।”
“আমি ওদের কয়েক খেলোয়াড় ও কোচের মানসিকতা সম্পর্কে জানি। ওরা ঐতিহাসিক কিছু করার চেষ্টা করবে। ওদের একটি ‘মিরাকল’ প্রয়োজন, আর আমার অভিজ্ঞতা থেকে জানি কখনো কখনো এ ধরনের ব্যাপার ঘটেও,” যোগ করেন তিনি।
শিষ্যরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারে নি মেনে নিলেও বাজে ফলাফলের জন্য রেফারিকেই দুষেছেন গ্যালতাসারাই কোচ ফেইথ টেরিম। স্বাগতিকদের কার্ড না দেখিয়ে ও তাদের দুটি পেনাল্টি না দিয়ে রেফারি ফলাফলকে প্রভাবিত করেছেন বলে তার অভিযোগ।
তিনি বলেন, “আমাদের অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। তবে এত বড় স্টেডিয়ামে, এত মানুষের সামনে খেলা সত্যিই কঠিন।”
“দুই দলের খেলোয়াড়দের মানের পার্থক্য ছিল চোখে পড়ার মত। আমার খেলোয়াড়রা চেষ্টা করেছে, কিন্তু পেরে উঠেনি। ৩-০ গোলে পিছিয়ে থাকার পর আমাদের ‘মিরাকল’ প্রয়োজন হবে,” যোগ করেন তিনি।
