মেসি, মাসচেরানোর চোটে শঙ্কায় বার্সা
চোট সমস্যায় জর্জরিত বার্সেলোনার বিপদ বাড়িয়েছে লিওনেল মেসি ও হ্যাভিয়ের মাসচেরানোর চোট।
মঙ্গলবার প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেন নি টানা চারবারের বিশ্বসেরা ফুটবলার মেসি।
বার্সার অফিসিয়াল টুইটের বলা হয়, “ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মেসি। তার চোট পরিস্থিতি সম্পর্কে জানতে বুধবার পরীক্ষা করা হবে।”
২-২ গোলে ড্র হওয়া সেই ম্যাচের ৮৪ মিনিটে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনার আরেক তারকা মাসচেরানো।
তার চোট সম্পর্কে দলের পক্ষ থেকে বলা হয়েছে, “মাসচেরানোর ডান হাঁটুর লিগমেন্ট ছিড়ে গেছে। প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।”
অতিথিদের সবচেয়ে বড় তারকা চোট পেয়ে মাঠ ছাড়ার পর দুবার পিছিয়ে পড়েও ড্র করে মাঠ ছাড়ে পিএসজি।
দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারানোর পরও সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী বার্সার সহকারী কোচ জর্ডি রৌরা। তিনি বলেন, “তাদের চোট নিয়ে আমরা প্রভাবিত হতে চাই না। আমি নিশ্চিত দলে অন্য যারা আছেন তারাও সেরাটাই দেবেন।”
মাসচেরানোও চোট পাওয়ায় বার্সার একমাত্র ‘ফিট’ সেন্টারব্যাক জেরার্ড পিকেকে এখন অনেক বেশি দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছেন রৌরা।
বার্সা কোচ টিটো ভিলানোভাকে দল সাজাতে হয়েছে অধিনায়ক কার্লোস পুয়োল, আদ্রিয়ানো করিয়া, এরিক আবিদালকে ছাড়াই। লিভার ট্রান্সপ্লান্টের পর এক বছর পর সুস্থ হয়ে ফিরলেও এখনো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেন নি আবিদাল।
১০ এপ্রিলের দ্বিতীয় লেগে দুই মিডফিল্ডার সার্জিও বাসকুটস অথবা আলেক্স সংয়ের একজনকে সেন্ট্রাল ডিফেল্ডার হিসেবে খেলাতে হবে ভিলানোভার।
