রিয়ালের শেষ চারে ওঠার পরীক্ষা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বুধবার তুরস্কের দল গ্যালাতাসারাইকে স্বাগত জানাবে রিয়াল মাদ্রিদ| অন্য ম্যাচে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ এবারের আসরের অন্যতম চমক স্পেনের মালাগা।
শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে থাকায় রিয়ালের স্প্যানিশ লা লিগার শিরোপা ধরে রাখার আশা প্রায় শেষ। তবে কোপা দেল রে বা স্প্যানিশ কিংস কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগে তাদের দারুণ পারফরম্যান্স।
চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার বিপক্ষে কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগ ১-১ গোলে ড্র করার পর প্রতিপক্ষের মাঠে ফিরতি লেগ ৩-১ গোলে জিতে ফাইনালে উঠেছে জোসে মরিনিয়োর দল।
চ্যাম্পিয়ন্স লিগেও একই ধরনের সাফল্য। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগ ১-১ গোলে ড্র এবং ম্যান ইউ’র মাঠে ফিরতি লেগ ২-১ গোলে জিতে আজ তারা শেষ আটের লড়াইয়ে।
দুই মহাশক্তিধর প্রতিপক্ষের সঙ্গে সাফল্য ক্রিস্টিয়ানো রোনালদোর আত্মবিশ্বাস বহু গুণ বাড়িয়ে দিয়েছে।
টুর্নামেন্টের রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন রিয়ালের সবচেয়ে বড় তারকা বলেন, “নিউ ক্যাম্পে (বার্সেলোনার মাঠ) আমরা ভালো খেলেছিলাম। ম্যানচেস্টার এবং বার্সেলোনার বিপক্ষে এখানেও (সান্তিয়াগো বার্নাবাউ) ভালো খেলেছি। আমাদের সব কিছুই ভালো যাচ্ছে। আমরা আত্মবিশ্বাসী এবং জয়ের ধারায় আছি। আশা করি মৌসুমের শেষ পর্যন্ত এভাবেই খেলতে পারবো।”
গত জানুয়ারিতে আইভরি কোস্টের তারকা স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা ও নেদারল্যান্ডসের কুশলী মিডফিল্ডার ওয়েসলি স্নাইডারকে দলে নিয়ে গ্যালাতাসারাই এখন আগের চেয়ে অনেক শক্তিশালী।
রোনালদো নিজেও তা মানছেন। তিনি বলেন, “গ্যালাতাসারাইয়ের বিপক্ষে লড়াইটা উন্মুক্ত লড়াই। চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে আমরা যেমন খেলি তেমনই খেলতে হবে। ওরা (গ্যালাতাসারাই) আক্রমণাত্মক ফুটবল খেলে। এটা অবশ্য এক দিক দিয়ে আমাদের জন্য ভালো। কারণ এর ফলে আমাদের জয়ের সম্ভাবনা বেড়ে যাবে।”
রিয়ালের মতো বরুসিয়া ডর্টমুন্ডেরও জার্মান বুন্দেসলিগার শিরোপা ধরে রাখার কোনো সম্ভাবনা নেই। শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের চেয়ে ২০ পয়েন্ট পিছিয়ে আছে গত দুই বারের চ্যাম্পিয়নরা।
মালাগার মাঠে বরুসিয়াকে কঠিন পরীক্ষার সামনেই পড়তে হবে। প্রথম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েই কোয়ার্টার ফাইনালে উঠে গেছে মালাগা। শেষ আটে ওঠার পথে তারা বিদায় করে দিয়েছে প্রতিযোগিতার ৭ বারের চ্যাম্পিয়ন এসি মিলান ও ২০০৪ সালের শিরোপা জয়ী পোর্তোকে।
