মায়ামির সাফল্যে আবার দুইয়ে মারে
স্পেনের ডেভিড ফেরারকে হারিয়ে মায়ামি মাস্টার্সের শিরোপা জিতেছেন বৃটেনের অ্যান্ডি মারে। সুবাদে এটিপি র্যাঙ্কিংয়ে রজার ফেদেরারকে পেছনে ফেলে আবার তিন থেকে দুই নম্বরে উঠেছেন তিনি।
রোববার রাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার প্রচন্ড গরমে ২ ঘণ্টা ৪৫ মিনিটের স্নায়ুক্ষয়ী ফাইনাল ২-৬, ৬-৪, ৭-৬ (৭-১) গেমে জেতেন লন্ডন অলিম্পিক ও ইউএস ওপেন চ্যাম্পিয়ন মারে।
খেলা শেষে আনন্দিত, তৃপ্ত মারে বলেন, “এটা কঠিন, খুবই কঠিন ম্যাচ ছিল। আমরা দুজনই শক্তির শেষ ধাপে পৌঁছে গিয়েছিলাম। মাস্টার্স সিরিজে এটা আমার অন্যতম কঠিন ম্যাচ ছিল। অসহনীয় আর্দ্রতার কারণে এমন ম্যাচে লড়াই করা খুব কঠিন।”
এ বছর মারের এটি দ্বিতীয় শিরোপা। এর আগে জানুয়ারির শুরুতে ব্রিসবেন আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।
