মায়ামিতে সেরেনার ‘রেকর্ড’
রেকর্ড ষষ্ঠ বারের মতো মায়ামি মাস্টার্সের শিরোপা জিতেছেন সেরেনা উইলিয়ামস। ফাইনালে মারিয়া শারাপোভাকে ৪-৬, ৬-৩, ৬-০ গেমে হারিয়েছেন তিনি।
গত বছর উইম্বলডন ও ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও লন্ডন অলিম্পিকে মেয়েদের এককে শিরোপা জিতেছিলেন। এবার মায়ামিতেও সাফল্য পেয়ে দারুণ খুশি র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা সেরেনা।
তিনি বলেন, “সত্যি দারুণ লাগছে। মার্গারেট কোর্ট (গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে রেকর্ড ২৪ বার একক চ্যাম্পিয়ন) কিংবা স্টেফি গ্রাফকে (দ্বিতীয় সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড স্লাম জয়ী) আমি ধরতে পারব না। তাই কিছু একটা অর্জন করতে পেরে আমি খুব খুশি। অনুভূতিটা দারুণ।”
৩১ বছর বয়সী সেরেনা এ পর্যন্ত ১৫টি গ্র্যান্ড স্লাম জিতেছেন।
