২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপার আরো কাছে ম্যান ইউ

সান্ডারল্যান্ডের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফেরা ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক পা এগিয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 30 Mar 2013, 07:24 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

শনিবার জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল এবং টটেনহ্যাম হটস্পারও। তবে হেরে গেছে চেলসি।

২০তম শিরোপার পথে ছুটে চলা ম্যান ইউ’র জয়সূচক গোলটি ছিল আত্মঘাতী, ২৭ মিনিটে টাইটাস ব্র্যাম্বলের সৌজন্যে।

গত বৃহস্পতিবার ম্যান সিটির কোচ রবার্তো মানচিনি স্বীকার করেছেন, তাদের শিরোপা ধরে রাখার কোনো আশা নেই। তবে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে তার দল নিউক্যাসল ইউনাইটেডকে কোনো ছাড় দেয়নি, জিতেছে ৪-০ গোলের সুস্পষ্ট ব্যবধানে। গতবারের চ্যাম্পিয়নদের চার গোলদাতা কার্লোস তেভেজ, ডেভিড সিলভা, ভিনসেন্ট কোম্পানি ও ইয়াইয়া তোরে।

আরেক স্বাগতিক আর্সেনালও বড় জয় পেয়েছে। এমিরেটস স্টেডিয়ামে তারা ৪-১ গোলে রিডিংকে হারিয়েছে। বিজয়ীদের চার গোলদাতা জার্ভিনিয়ো, সান্তি কাজোরলা, অলিভিয়ার জিরুদ ও মিকেল আর্তেতা।

টটেনহাম ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে সোয়ানসি সিটির মাঠ থেকে। তবে আরেক অতিথি চেলসি একই ব্যবধানে হেরে গেছে সাউদাম্পটনের কাছে।

৩০ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যান ইউ অনেকখানি নিশ্চিন্ত। কারণ দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটি পিছিয়ে আছে ১৫ পয়েন্টে।

দুই নগর-প্রতিদ্বন্দ্বীর চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে টটেনহাম। ৩০ ম্যাচ খেলা চেলসি ৫৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। ২ পয়েন্ট পিছিয়ে আর্সেনালের অবস্থান পঞ্চম।