২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ গেমসের প্রস্তুতিতে পিছিয়ে বিওএ

অষ্টম বাংলাদেশ গেমস শুরু হতে আর এক মাসও বাকি নেই। আগামী ২০ থেকে ২৮ এপ্রিল হবে এই প্রতিযোগিতা। অথচ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) জানিয়েছে, প্রস্তুতিতে অনেকখানি পিছিয়ে আছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2013, 02:37 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

গেমসের টেকনিক্যাল কমিটির সদস্য সচিব উইং কমান্ডার রফিকুল ইসলাম জানিয়েছেন, “ইভেন্ট সংখ্যা এখনো ঠিক করা হয়নি। এ নিয়ে পর্যালোচনা চলছে। আশা করি শিগগিরি এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।”

“প্রাথমিকভাবে ঠিক হয়েছে ২১০০ পদকের জন্য ১০ হাজার অ্যাথলেট লড়াই করবে। সবগুলো ডিসিপ্লিনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পদক সংখ্যা ঠিক করা হয়েছে,” যোগ করেন তিনি।

দলীয় ইভেন্টগুলোকে একটি পদক ধরা হবে, তবে পদক দেয়া হবে দলের প্রত্যেক সদস্যকেই। সে হিসাবে পদক সংখ্যা ২১০০।

টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, প্রত্যেক ডিসিপ্লিনে ১০টি জেলা দলের অংশগ্রহণের খরচ সরবরাহ করবে আয়োজক কমিটি। বিভিন্ন ফেডারেশন থেকে ৩০/৩৫টি জেলার অংশগ্রহণের প্রস্তাব এসেছে।

প্রতিযোগিতা আয়োজনের জন্য সরকারের কাছ থেকে এখনো কোনো অর্থ বরাদ্দ পায়নি বিওএ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ ব্যাপারে সাড়া দেয়নি। ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এরই মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে দ্রুত অর্থ বরাদ্দের অনুরোধ জানিয়েছেন। অর্থমন্ত্রী নিজেও গেমসের সাংগঠনিক কমিটির সভাপতি। গেমস আয়োজনের বাজেট ধরা হয়েছে ১০ কোটি টাকা। এর বাইরে উদ্বোধনী ও সমাপণী অনুষ্ঠান আয়োজনের অর্থ পৃষ্ঠপোষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে। সরকারি টাকা না আসায় প্রাথমিক খরচ চালিয়ে নেয়ার জন্য বিওএ নিজস্ব তহবিল থেকে অর্থ নেবে। গেমসের জন্য সরকারি বরাদ্দ পাওয়া গেলে পরে তা সমন্বয় করা হবে। বিওএ’র কোষাধ্যক্ষ কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল জানিয়েছেন, “গেমসের জন্য এখনো আমরা কোনো টাকা পাইনি। বিষয়টি উচ্চ পর্যায়ে আছে। আশা করি কোনো আর্থিক সমস্যা হবে না। শিগগিরি অর্থ বরাদ্দ পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।”