আবাহনী-মোহামেডানের শুভ সূচনা
স্বাধীনতা কাপ ফুটবল জয় দিয়ে শুরু করেছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবও।
রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে আবাহনী ২-০ গোলে গতবারের চ্যাম্পিয়ন ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে এবং মোহামেডান একই ব্যবধানে বাংলাদেশ নৌবাহিনীকে হারিয়েছে। ফেনী সকার ক্লাবের বিপক্ষে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জয়ের ব্যবধান ৬-৩।
আবাহনীর জয়ের নায়ক লাকি পল। দলের দুটো গোলই এই নাইজেরীয় স্ট্রাইকারের।
গোলশূন্য প্রথমার্ধের পর ৪৬ মিনিটে কোমলের পাস থেকে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন পল। ৭৫ মিনিটে ঘানার মিডফিল্ডার তুয়াম ফ্রাঙ্কের বাড়ানো বলে দলের জয়ও নিশ্চিত করেন তিনি।
রোববারের জয়ে একটা প্রতিশোধের লক্ষ্যও পূরণ হয়েছে আবাহনীর। গতবারের স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালে ফরাশগঞ্জের কাছে টাইব্রেকারে হেরে গিয়েছিল তারা।
নৌবাহিনীর বিপক্ষে মোহামেডানের দুই গোলদাতা ডিফেন্ডার তপু বর্মণ ও ঘানার স্ট্রাইকার ওসই মরিসন।
প্রথমার্ধের বাড়তি সময়ে ইয়াসিনের পাস ধরে বক্সে ঢুকে আড়াআড়ি শটে দলকে এগিয়ে দেন তপু। ৬২ মিনিটে একক প্রচেষ্টায় দ্বিতীয় গোল করেন মরিসন।
ফেনী সকারের বিপক্ষে নাইজেরীয় স্ট্রাইকার আলফ্রেড অ্যামোফির হ্যাটট্রিক শেখ জামালকে বড় জয় এনে দিয়েছে। দুই গোল করেছেন আরেক নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবা, একটি আলমগীর কবির রানা।
সকার ক্লাবের তিন গোলদাতা লাইবেরীয় স্ট্রাইকার অ্যান্থনি পেলেডো, আকবর হোসেন রিদন ও বেনিনের স্ট্রাইকার ওয়াসিও ওলাদিকপিকপো।
