মে থেকে জাতীয় দলের প্রস্তুতি শুরু
আগামী সেপ্টেম্বরে নেপালে অনুষ্ঠেয় সাফ ফুটবলের প্রস্তুতি বেশ আগে-ভাগেই শুরু করতে যাচ্ছে জাতীয় দল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল কমিটি মে মাস থেকে এই প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করার পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসাবে কয়েকটি বিদেশি দলের সঙ্গে বাংলাদেশের প্রীতি ম্যাচ খেলার কথা।
শনিবার বাফুফের সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির সহ-সভাপতি তাবিথ আউয়াল জানান, “সাফ ফুটবলে আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। এই প্রতিযোগিতার প্রস্তুতি হিসাবে কয়েকটি ম্যাচ খেলবে জাতীয় দল।”
“এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত ও আফগানিস্তানের সঙ্গে আমাদের কথা হয়েছে। এই দেশগুলো আমাদের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে সম্মতি জানিয়েছে,” যোগ করেন তিনি।
এদের মধ্যে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বাংলাদেশে আসার কথা। আর বাংলাদেশের যাওয়ার কথা সংযুক্ত আরব আমিরাত ও ভারতে। আফগানিস্তানের সঙ্গে খেলা হতে পারে ভুটানে। এখনো কোনো ম্যাচের দিন-তারিখ ঠিক হয়নি।
আগামী জুনে জাতীয় দলের পাকাপাকি দায়িত্ব নিতে আসবেন প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ ও রেনে কোস্টার। তবে এপ্রিলে দলের খোঁজ-খবর নিতে দুই ডাচ কোচের ঢাকায় আসার কথা।
জাতীয় দলের জন্য একজন ট্রেনার ও একজন পুষ্টিবিদ নিয়োগের দাবি জানিয়েছেন ডি ক্রুইফ। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে এই দাবি জানানো ছাড়াও ফুটবলারদের জন্য একটা ব্যায়ামাগার দেয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।
