কোয়ার্টার ফাইনালে শারাপোভা, আজারেঙ্কা
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ান ওয়েলসে অনুষ্ঠানরত বিএনপি পারিবাস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা ও মারিয়া শারাপোভা।
এ বছরের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন এবং মেয়েদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আজারেঙ্কা সহজেই ৬-৩, ৬-১ গেমে পোল্যান্ডের উর্সজুলা রাদওয়ান্সকাকে হারিয়েছেন। স্পেনের লরা আরুয়াবারেনা-ভেসিনোর বিপক্ষে শারাপোভাও জিতেছেন সহজে, ৭-৫, ৬-০ গেমে।
পুরুষদের বিভাগে চতুর্থ রাউন্ডে উঠেছেন র্যাঙ্কিংয়ের এক ও তিন নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে।
বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভের বিপক্ষে প্রথম সেটে লড়াই করতে হলেও শেষ পর্যন্ত সরাসরি সেটে (৭-৬, ৬-১) জিতেই পরবর্তী রাউন্ডে উঠেছেন অস্ট্রেলিয়ান ওপেনে টানা তিন বারের চ্যাম্পিয়ন জোকোভিচ।
লন্ডন অলিম্পিক ও ইউএস ওপেন চ্যাম্পিয়ন মারে অবশ্য সহজেই ৬-৩, ৬-২ গেমে হারিয়ে দিয়েছেন তাইওয়ানের ইয়েন-সুন লুকে।
