কঠিন পরীক্ষায় বার্সা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগে মঙ্গলবার বার্সেলোনার সামনে ভীষণ কঠিন পরীক্ষা। ঘরের মাঠে এসি মিলানকে শুধু হারালেই চলবে না, জিততে হবে বড় ব্যবধানে।
প্রথম লেগে মিলানের মাঠ সান সিরো থেকে ২-০ গোলের হার নিয়ে ফেরা বার্সার অন্তত তিন গোলের ব্যবধানে জয় চাই। স্পেনের পরাশক্তিরাও ২-০ গোলে জিতলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও ফলাফল অপরিবর্তিত থাকলে টাইব্রেকারের সামনে দাঁড়াতে হবে দুই দলকে।
বার্সার ডিফেন্ডার জেরার্ড পিকে অবশ্য সব সংশয় পেছনে ফেলে কোয়ার্টার ফাইনালে ওঠার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, “শুরু থেকেই আমরা আক্রমণ করবো। এটাই আমাদের লক্ষ্য অর্জনের পন্থা। আশা করি আমরা ৩-০ গোলে জিতবো।”
অন্যদিকে মিলান ড্র তো বটেই, এক গোলের ব্যবধানে হেরে গেলেও শেষ আটে চলে যাবে। অতিথিদের ডিফেন্ডার কেভিন কন্সট্যান্ট অবশ্য জয়ের লক্ষ্যের কথা জানিয়েছেন। তিনি বলেন, “আমরা ২-০ গোলে এগিয়ে থেকে লড়াই শুরু করবো। তবে রক্ষণাত্মক নয়, জয়ের চেষ্টাই করবো।”
ইদানীং বার্সেলোনার সময়টা তেমন ভালো যাচ্ছে না। মিলানের মাঠে হারের পর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে টানা দুই ম্যাচে হেরেছে তারা। তবে গত শনিবার স্প্যানিশ লা লিগায় দেপোর্তিভো লা করুনাকে ২-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে।
অন্যদিকে মিলান আছে জয়ের পথে। সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে তারা, অন্যটি ড্র।
তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে বার্সেলোনা। আগের ৭টি লড়াইয়ে তিনবার জিতেছে তারা, একবার মিলান। বাকি তিনটি ড্র।
মঙ্গলবার ফিরতি লেগের আরেক ম্যাচে তুরস্কের গ্যালাতাসারাইকে স্বাগত জানাবে জার্মানির শালকে জিরো ফোর। গ্যালাতাসারাইয়ের মাঠে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল।
