দুই কোচের প্রশংসায় সালাউদ্দিন
নতুন কোচ লোডভিক ডি ক্রুইফ ও তার সহকারী রেনে কোস্টারের অধীনে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বে বাংলাদেশ ভালো খেলেছে বলে মনে করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।
ফিলিস্তিনের কাছে ১-০ গোলে হেরে গেলেও স্বাগতিক নেপালকে ২-০ এবং উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জকে ৪-০ গোলে হারিয়ে ‘ডি’ গ্রুপে রানার্সআপ হয়েছে বাংলাদেশ।
অনেক দিন পর বাংলাদেশ ফুটবলে সাফল্যের দেখা পাওয়ায় দারুণ খুশি সালাউদ্দিন। শনিবার বাফুফে ভবনে ডি ক্রুইফ ও কোস্টারের প্রশংসা করে সাংবাদিকদের তিনি বলেন, “প্রথম টুর্নামেন্টে সফল হয়েছেন দুই কোচ। তারা দলকে এক সুতোয় গাঁথতে পেরেছেন। তার ফলে দলের পারফরম্যান্সও ভালো হয়েছে। খেলোয়াড়দের সামর্থ্য ও পারফরম্যান্সে দুই কোচও খুশি।”
বাফুফে সভাপতি আরো বলেন, “চ্যালেঞ্জ কাপের সময় আমি নেপালে ছিলাম। বাংলাদেশের দুটি ম্যাচ দেখেছি। আমার মনে হয়েছে, এই টুর্নামেন্টে বাংলাদেশ দল খুবই উজ্জীবিত ছিল। খেলোয়াড়দের মধ্যে দারুণ ঐক্যও ছিল। দুই কোচই খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে পেরেছেন।”
“ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ সবচেয়ে ভালো খেলেছে। ঐ ম্যাচে আমাদের দুয়েকটি গোল করা উচিৎ ছিল। নেপালের সঙ্গেও আমাদের দল ভালো খেলেই জিতেছে,” যোগ করেন তিনি।
কয়েক জন ফুটবলারেরও প্রশংসা করেন সালাউদ্দিন। তিনি বলেন, “আমার কাছে আবাহনীর স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনিকে দারুণ সম্ভাবনাময় বলে মনে হয়েছে।”
“কোচ বিজেএমসির দুই উদীয়মান খেলোয়াড় ডিফেন্ডার কেষ্ট কুমার ও স্ট্রাইকার তখলিস আহমেদকে সুযোগ দিয়েছেন। দুজনই অসাধারণ খেলেছে এই টুর্নামেন্টে,” যোগ করেন বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা।
