মেক্সিকান ওপেনের সেমিফাইনালে নাদাল
বাঁ হাঁটুর চোট কাটিয়ে দীর্ঘ সাত মাস পর কোর্টে ফিরে ক্রমেই পুরনো চেহারায় ফিরতে শুরু করেছেন রাফায়েল নাদাল। আর্জেন্টিনার লিওনার্দো মেইয়ারকে সরাসরি ৬-১, ৭-৫ গেমে হারিয়ে মেক্সিকান ওপেনের সেমিফাইনালে উঠেছেন স্পেনের টেনিস তারকা।
শেষ চারে নাদালের প্রতিপক্ষ স্বদেশের নিকোলাস আলমাগ্রো। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবেন টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়ন আরেক স্প্যানিয়ার্ড ডেভিড ফেরার ও ইতালির ফ্যাবিও ফনিনি।
ফেব্রুয়ারির শুরুতে চিলিতে অনুষ্ঠিত ভিটিআর ওপেনের ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেননি। তবে এরপর ব্রাজিল ওপেনের শিরোপা জিতে নাদাল জানিয়ে দিয়েছেন, প্রতিযোগিতামূলক টেনিসের ধকল নেয়ার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত।
প্রত্যাবর্তনের পর তার তিনটি টুর্নামেন্টই অবশ্য ক্লে কোর্টে। সামনেই ক্লে কোর্টের একমাত্র গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেন। তারই প্রস্তুতির অংশ হিসাবে নাদাল মাটির কোর্টের প্রতিযোগিতাতেই শুধু অংশ নিচ্ছেন। তাছাড়া সমস্যাগ্রস্ত হাঁটুর জন্য ক্লে কোর্ট তুলনামূলকভাবে সহজ সারফেস।
সাতটি ফ্রেঞ্চ ওপেনজয়ী নাদাল অবশ্য প্যারিসের রোলাঁ গারোর কথা আপাতত ভাবছেন না। ১১টি গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন বরং খেলাটা উপভোগ করছেন দারুণভাবে।
তিনি বলেন, “আমি আবার টেনিসটা খুব উপভোগ করছি। সেরে ওঠার সময়ে খারাপ দিনগুলোই বেশি কাটাতে হয় একজনকে। তবে সৌভাগ্যক্রমে আমি এখন খারাপের চেয়ে ভালো দিনই বেশি কাটাচ্ছি।
