‘মুক্তিযোদ্ধার’ বাসে হরতাল সমর্থকদের হামলা
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বাসে হামলা চালিয়েছে হরতাল সমর্থকরা। বুধবার ধানমন্ডিতে তাদের হামলায় দলটির কয়েক জন ফুটবলার আহত হয়েছেন।
মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মতিঝিল থেকে অনূর্ধ্ব-১৬ ফুটবল প্রতিযোগিতার খেলা শেষে ফেরার পথে আমাদের বাস আক্রান্ত হয়।”
“আবাহনী ক্লাবের উল্টো দিকে হরতালের সমর্থনে স্লোগান দিয়ে হামলা চালানো হয়।”
যুদ্ধাপরাধে অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবিতে বৃহস্পতিবার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। এদিন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে এই জামায়াত নেতার বিরুদ্ধে রায় হবে।
জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মানিক বলেন, “হামলায় বাসের সামনের ও পেছনের কাচ ভেঙে গেছে। ভেঙে যাওয়া কাচের আঘাতে কয়েকজন খেলোয়াড় আহত হয়েছে।”
তিনি আরো জানান, হামলাকারীরা লাঠি দিয়ে কয়েকজন খেলোয়াড়কে আঘাতও করেছে।
খেলোয়াড়দের বহন করা বাসটিতে মুক্তিযোদ্ধার নাম ও লোগো স্পষ্ট ছিল, জানান মানিক
এই ঘটনাকে ‘ন্যক্কারজনক’ ও ‘দুঃখজনক’ উল্লেখ করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে মুক্তিযোদ্ধা ক্লাব কর্তৃপক্ষ।
এদিকে একই সময় আবাহনী মাঠের বিপরীতে স্টার কাবাবের গলিতে একটি লেগুনায় আগুন দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
ধানমন্ডি মডেল থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ কয়েকজনের একটি গ্রুপ এসে লেগুনায় আগুন লাগিয়ে পালিয়ে যায়।”
হরতাল সমর্থকরা এই আগুন দিয়েছে বলে পুলিশের ধারণা।
এছাড়া রাত সাড়ে ১০টার দিকে মিরপুর ১০ নম্বরে একটি লেগুনা পোড়ানো হয়।
একই সময়ে মোহাম্মদপুর থানার সামনে একটি মাইক্রোবাস থেকে কয়েকটি হাতবোমা ছুড়ে ফেলা হয়, যা সশব্দে ফাটে।
মোহাম্মদপুর থানার উল্টো দিকে র্যর্যাবের ফাঁড়ি রয়েছে।
