আবাহনীর জরিমানা, দুই খেলোয়াড়ের নিষেধাজ্ঞা
অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টে মাঠের মধ্যে অশোভন আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টি করায় আবাহনী লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি। সে্ই সঙ্গে আবাহনীর দুই খেলোয়াড় টুটুল হোসেন বাদশা ও মোহাম্মদ ইমনকে এক ম্যাচ করে নিষিদ্ধও করা হয়েছে।
গত সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের বিপক্ষে খেলা চলার সময় আবাহনীর খেলোয়াড়রা রেফারির সঙ্গে অশোভন আচরণ করে। তাছাড়া আবাহনীর সমর্থকরা মাঠে ঢুকে গোলপোস্টের জাল ছিড়ে ফেলে, কর্নারের পতাকা তুলে সহকারী রেফারিকে তাড়া করে এবং লাথি মেরে মাঠের পাশে থাকা বিলবোর্ড ফেলে দেয়।
খেলার ৭৬ মিনিটের সময় মোহামেডানের করা গোলের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আবাহনীর খেলোয়াড়রা রেফারিকে ঘিরে ধরে। গোলটি বাতিল না করলে তারা খেলতে অস্বীকৃতি জানায়। পরে রেফারি নিয়ম অনুযায়ী ৪০ মিনিট অপেক্ষা করে মোহামেডানকে বিজয়ী ঘোষণা করেন।
