শ্রীলঙ্কায় নাফীসের জায়গায় আশরাফুল
চোটের কারণে নাঈম ইসলাম, এনামুল হক জুনিয়রের পর শ্রীলঙ্কা সফরে টেস্ট দল থেকে বাদ পড়েছেন শাহরিয়ার নাফীসও। তার জায়গায় দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ শেন জার্গেনসেন বলেন, “চোটের কারণে নাফীসের বাঁহাতে সেলাই লেগেছে। শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে না তার। নাফীসের জায়গায় দলে এসেছেন আশরাফুল।”
মঙ্গলবার বাসায় ব্লেড দিয়ে ব্যাট পরিস্কার করতে গিয়ে বাঁহাতের তালু কেটে ফেলেন নাফীস। সেলাই লাগে পাঁচটি।
দল ঘোষণার সময়ই প্রধান নির্বাচক আকরাম খান বলেছিলেন আশরাফুলের ব্যাটে ধারাবাহিকতা দেখতে চান তিনি। পরিস্থিতির কারণে দলে ফেরাতে হলেও সুযোগটা তিনি কাজে লাগাবেন বলেই মনে করেন আকরাম।
তিনি বলেন, “আশরাফুল অসাধারণ একজন খেলোয়াড়। তার ধারাবাহিকতা ফেরার অপেক্ষায় ছিলাম আমরা। এখন বাধ্য হয়েই নিতে হয়েছে।”
“জাতীয় লিগ ও আর বিসিএলে দুটি শতক করলেও এর জন্য কিন্তু তাকে অনেকগুলো ইনিংস খেলতে হয়েছে। আরো কম ইনিংসে এ রান করলে শতক করলে ভালো হত,” যোগ করেন তিনি।
শ্রীলঙ্কায় যাওয়ার সিদ্ধান্ত নাফীসের ওপরই ছেড়ে দিয়েছিলেন আকরাম। কিন্তু বুধবার চিঠি দিয়ে নাফীস না যাওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচককে।
তিনি বলেন, “নাফীস চিঠিতে জানিয়েছেন হাতের ব্যথা নিয়ে প্রথম টেস্টে খেলা তার পক্ষে সম্ভব নয়। হাত ভালো হলেও প্রস্তুতির জন্য সময়টাকে যথেষ্ট মনে করেন না তিনি।”
যদিও ফিজিও বিভব সিং বলেছেন, সাত দিন পর সেলাই কাটার পরও প্রস্তুতি নিতে তিন দিন সময় পেতেন নাফীস। প্রধান নির্বাচকও মনে করেন একজন ব্যাটসম্যানের প্রস্তুতির জন্য তিন দিন যথেষ্ট সময়।
এদিকে ছন্দে থাকা আশরাফুলকে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি বলেন, আশরাফুল ভাইয়ের দলে ফেরা খুবই ইতিবাচক। শ্রীলঙ্কার বিপক্ষে তার রেকর্ড খুব ভালো। বিপিএলেও ভালো খেলেছেন। আশা করি এই ফর্ম ধরে রাখবেন এবং প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করবেন।”
“সাকিব, নাঈম ভাই না থাকায় মিডল অর্ডার অনভিজ্ঞ হয়ে পড়েছিল। অমি অনেক দিন পর দলে ফিরেছে। মমিনুল, বিজয়, মার্শাল একে বারেই নতুন বলে আমি, রিয়াদ ভাই, তামিমের ওপর চাপটা তিনগুন হয়ে যাচ্ছিল। অভিজ্ঞার কথা ভেবেই আশরাফুল ভাইকে নেয়া হয়েছে। তার ‘ট্র্যাক রেকর্ড’ও অনেক ভালো। আমার ভুল না হয়ে থাকলে তার চারটি টেস্ট শতকও রয়েছে,” যোগ করেন তিনি।
৫৭ টেস্ট খেলা আশরাফুল সবচেয়ে কম বয়সে অভিষেকে শতকের রেকর্ড গড়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে। ২০১১ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন তিনি।
