ভারতের কাছে হেরে বাংলাদেশ তৃতীয়
বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড হার দিয়ে শেষ করেছে বাংলাদেশ। রোববার নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে ভারতের কাছে তারা হেরে গেছে ৫-১ গোলে।
৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় হওয়ায় বাংলাদেশের পরবর্তী রাউন্ডে ওঠার আশা শেষ হয়ে গেছে। ১৫ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতায় প্রথম হওয়া ভারত এবং ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হওয়া আয়ারল্যান্ড তৃতীয় রাউন্ডে উঠেছে।
হেরে গেলেও ভারতের বিপক্ষে প্রথম গোল করে বাংলাদেশ। পঞ্চম মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে এগিয়ে দেন আগের দিন ফিজির বিপক্ষে চার গোল করা মামুনুর রহমান চয়ন।
তবে ১৫ ও ৩২ মিনিটে দানিশ মুজতবা ও রুপিন্দর সিংয়ের গোল উল্টো এগিয়ে দেয় ভারতকে। বিরতির পর মুজতবার আরেকটি গোলের সঙ্গে আকাশদীপ সিং ও মালাক সিংয়ের লক্ষ্যভেদ সহজ জয় এনে দেয় স্বাগতিক দলকে।
প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৫-২ গোলে হেরে গেলেও পরের তিন ম্যাচে চীনকে ৩-২, ওমানকে ৪-১ এবং ফিজিকে ৮-৪ গোলে হারিয়েছে বাংলাদেশ।
