২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরছেন আবিদাল

প্রায় এক বছর পর প্রতিযোগিতামুলক ফুটবলে ফিরছেন বার্সেলোনার ফরাসী ডিফেন্ডার এরিক আবিদাল। শনিবার স্প্যানিশ লা লিগায় বার্সা-সেভিয়া ম্যাচে খেলতে পারেন তিনি। ম্যাচটি হবে বার্সার মাঠে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 02:24 AM

Updated : 23 Aug 2022, 10:15 AM

গত বছরের ১০ এপ্রিল যকৃৎ প্রতিস্থাপনের অস্ত্রোপচার করা হয়েছিল আবিদালের। তারপর থেকেই তিনি খেলার বাইরে। সুস্থ হয়ে প্রথম অনুশীলনে ফেরেন গত মাসে।

তবে পুরোপুরি ফিটনেস ফিরে পেয়েছেন সম্প্রতি। বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, “আজ (বৃহস্পতিবার) সকালে অনুশীলনের পর প্রতিযোগিতামুলক ফুটবলে ফেরার ডাক্তারি ছাড়পত্র পেয়েছেন আবিদাল। যার অর্থ মৌসুমের বাকি সময়ে নিয়মিত খেলতে পারবেন তিনি।”

শনিবার মাঠে নামবে রিয়াল মাদ্রিদও। দেপোর্তিভো লা করুনিয়া স্বাগত জানাবে গতবারের চ্যাম্পিয়নদের।


২৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সার লা লিগার শিরোপা পুনরুদ্ধারের উজ্জ্বল সম্ভাবনা। দ্বিতীয় স্থানে থাকলেও ৫৩ পয়েন্ট নিয়ে অ্যাতলেতিকো মাদ্রিদ অনেক পিছিয়ে তাদের চেয়ে। ৪৯ পয়েন্ট সংগ্রহ করা রিয়ালের চ্যাম্পিয়ন হওয়ার আশা প্রায় শেষ।

তবু গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে এসি মিলানের মাঠ থেকে ২-০ গোলের হার নিয়ে ফেরায় বার্সার খেলোয়াড়দের মন ভালো নেই।

তাই আবিদালকে ফিরে পেয়ে একটু বেশিই খুশি কার্লোস পুয়োল। টুইটারে বার্সার অধিনায়ক লিখেছেন, “বার্সেলোনা এবং ফুটবলের জন্যও এটা সেরা খবর। আবিদাল খেলতে প্রস্তুত। তাকে ফিরে পেলে আমরা আরো শক্তিশালী হবো।”