এফএ কাপের শেষ আটে ম্যান ইউ
ইংল্যান্ডের এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সোমবার রাতে শেষ আটে ওঠার লড়াইয়ে তারা ২-১ গোলে রিডিংকে হারিয়েছে।
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে বিশ্রাম দিতে রবিন ফন পার্সি, ওয়েইন রুনি, ন্যানি ও মাইকেল ক্যারিকের মতো চার নির্ভরযোগ্য খেলোয়াড়কে প্রথম একাদশে রাখেননি ম্যান ইউর কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন।
এফএ কাপের রেকর্ড ১১ বারের চ্যাম্পিয়নদের সেজন্য বেশ সমস্যায় পড়তে হয়। তবে বিরতির কিছুক্ষণ আগে ন্যানি ও ৬৪ মিনিটে ফন পার্সি মাঠে নামার পর আক্রমণের ধার বেড়ে যায় ম্যান ইউর।
৬৯ মিনিটে ন্যানির গোলে এগিয়ে যায় ইংলিশ প্রিমিয়ার লিগেরও সফলতম দলটি। তিন মিনিট পর জয় নিশ্চিত করেন মেক্সিকান স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজ।
৮১ মিনিটে রিডিংয়ের জ্যামাইকান মিডফিল্ডার জোবি ম্যাকআনাফ একটি গোল শোধ করলেও স্বাগতিকদের জয়বঞ্চিত করতে পারেননি।
