হকি দলের দিল্লি অভিযান সোমবার থেকে
সোমবার বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। ভারতের রাজধানী নয়াদিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
আয়োজকদের নিষেধাজ্ঞার কারণে একটিও প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ। দীর্ঘ ১৭ ঘণ্টার ভ্রমন-ক্লান্তি আছে ঠিকই, তবে বাংলাদেশের খেলোয়াড়রা প্রস্তুতি ম্যাচ খেলতে না পারার হতাশাতেই বেশি আক্রান্ত।
দিল্লি থেকে টেলিফোনে দলের ব্যবস্থাপক মনোয়ার হোসেন জানিয়েছেন, “আয়োজকদের বিধি-নিষেধের কারণে কোনো দলই প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি। তাই আমাদের শেষ মুহুর্তের প্রস্তুতি ভাল হয়নি। সেজন্য আমরা হতাশ।”
“রোববার বিকেলে এক ঘণ্টা অনুশীলন করেছে জিমি-চয়নরা। একটাই সুখবর, আমাদের দলে কোনো ইনজুরি সমস্যা নেই,” যোগ করেন তিনি।
বিশ্ব র্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ডের অবস্থান পঞ্চদশ। আর বাংলাদেশ ৪০তম। এটাই দু দলের প্রথম মুখোমুখি লড়াই।
