মুন্নার মৃত্যুবার্ষিকী পালিত
মঙ্গলবার ছিল আবাহনী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মোনেম মুন্নার অষ্টম মৃত্যুবার্ষিকী। নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে দিনটি পালন করে মুন্না স্মৃতি সংসদ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রয়াত মুন্নার স্ত্রী ইয়াসমিন মোনেম সুরভী, ছেলে আজমান সালিদ ও মেয়ে ইউসরা মোনেম দানিয়া।
১৯৮১ সালে পাইওনিয়ার লিগ দিয়ে ঢাকার ফুটবলে আত্মপ্রকাশ করা মুন্না ১৯৮৭ থেকে ১৯৯৭ পর্যন্ত আবাহনীর হয়ে খেলেছিলেন। ১৯৮৬ থেকে ১৯৯৭ পর্যন্ত ছিলেন জাতীয় দলের অপরিহার্য সদস্য।
১৯৯৯ সালে হঠাৎ অসুস্থ হয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান মুন্না। সেখানেই তার কিডনিতে সমস্যা ধরা পরে। পরের বছর ভারতের ব্যাঙ্গালোরে মেজ বোন শামসুন নাহার আইভীর কিডনি তার দেহে প্রতিস্থাপন করা হয়।
কিন্তু বেশি দিন বেঁচে থাকতে পারেননি মুন্না। ২০০৪ সালে তার দেহে ক্ষতিকারক ভাইরাস সংক্রমণ হয়। ২০০৫ সালের ২৬ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ১২ ফেব্রুয়ারি সকাল ৬টায় পরলোকে পাড়ি জমান বাংলাদেশের ফুটবল-ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার।
