২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারকে নিয়ে রোনালদিনিয়োর আশাবাদ

প্রায় এক বছর পর ব্রাজিলের জাতীয় দলে ফেরা রোনালদিনিয়ো মনে করেন, নেইমারের পক্ষে কয়েক বছরের মধ্যে বিশ্বসেরা ফুটবলার হওয়া সম্ভব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2013, 03:46 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

যুক্তরাজ্যের ‘ডেইলি মেইল’ পত্রিকার সঙ্গে কথা বলার সময় ৩২ বছর বয়সী রোনালদিনিয়ো বলেন, “নেইমারের বয়স বেশি নয়। তাই আমি বলতে পারছি না সে কখন এক জন বিশেষ খেলোয়াড়ে পরিণত হতে পারবে। তবে আমার বিশ্বাস, আগামী দুই-তিন মৌসুমের মধ্যে সে বিশ্বসেরা ফুটবলার হয়ে উঠবে।”

২০০২ সালে ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রোনালদিনিয়ো ২০০৪ ও ২০০৫ সালে ফিফা বর্ষসেরার ফুটবলারের পুরস্কার জিতেছিলেন। তবু একটা আক্ষেপ রয়ে গেছে তার মনে।

এ প্রসঙ্গে তিনি বলেন, “আমার একমাত্র আফসোস, লিওনেল মেসির সঙ্গে আরো কয়েকটা মৌসুম খেলতে না পারা। সে আমার ভালো বন্ধু।” 

“ওর অল্প বয়সেই আমি বুঝতে পেরেছিলাম, সে এক দিন বিশ্বসেরা ফুটবলার হবে। বেশির ভাগ খেলোয়াড়ের যা স্বপ্ন তা ছেলেটা করতে পেরেছে। এটা দেখতে পারাও দারুণ রোমাঞ্চকর,” যোগ করেন বার্সেলোনায় মেসির সাবেক সতীর্থ রোনালদিনিয়ো।