আফ্রিকায় ফাইনালে ওঠার ‘যুদ্ধ’
বুধবার আফ্রিকান নেশন্স কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে মালি ও নাইজেরিয়া। দ্বিতীয় সেমিফাইনালে ঘানার প্রতিপক্ষ প্রতিযোগিতার অন্যতম চমক বার্কিনা ফাসো।
এই শতাব্দীর শুরু থেকেই দুর্ভাগ্য তাড়া করে ফিরছে ‘সুপার ঈগল’ নামে পরিচিত নাইজেরিয়াকে। আফ্রিকান নেশন্স কাপের সর্বশেষ ছয়টি আসরের চারটিতেই তৃতীয় হয়েছিল তারা। এবার তাই তৃতীয়র বৃত্ত ভেঙ্গে বেরিয়ে আসতে মরিয়া ১৯৮০ ও ১৯৯৪ সালের চ্যাম্পিয়নরা।
১৯৭২ সালে ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি মালি। ২০০২ ও ২০০৪ সালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নাইজেরিয়ার কাছেই হারতে হয়েছিল তাদের। মালিও তাই ঐ দুই হারের প্রতিশোধ নিতে প্রতিজ্ঞাবদ্ধ।
দ্বিতীয় সেমিফাইনালে টুর্নামেন্টের চার বারের চ্যাম্পিয়ন ঘানা অভিজ্ঞতায় অনেক এগিয়ে প্রতিপক্ষের চেয়ে।
তবে বার্কিনা ফাসোর বেলজিয়ান কোচ পল পাট এ নিয়ে চিন্তিত নন। সেমিফাইনালে উঠতে পেরেই তিনি উচ্ছ্বসিত।
পল পাট বলেন, “এই টুর্নামেন্টে আমি সবচেয়ে সুখী কোচ। কারণ অনুশীলনে আমরা যে কঠোর পরিশ্রম করেছিলাম আজ তার সুফল পেয়েছি।”
