২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার মোহামেডানের হার

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আবার হেরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে ১-০ গোলে হেরে গেছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 03:49 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

সর্বশেষ চার ম্যাচে এটি মোহামেডানের তৃতীয় হার। আগের দুটি হারই ছিল ৪-১ গোলে, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।

১৩ পয়েন্ট নিয়ে মোহামেডানের অবস্থান পঞ্চম। তৃতীয় স্থানে থাকা শেখ জামালের সংগ্রহ ২২ পয়েন্ট।

মঙ্গলবার শেখ জামালের জয়টি ছিল সৌভাগ্যপ্রসূত। সারা ম্যাচে মাত্র একটি সুযোগ পেয়ে তা থেকে গোল করেছে তারা। ৫৪ মিনিটে নাইজেরীয় মিডফিল্ডার অগাস্টিন সিজোবার ক্রস থেকে সাবেক চ্যাম্পিয়নদের জয়সূচক গোলদাতা আরেক নাইজেরীয় সানডে সিজোবা।

এই গোলের আগে মোহামেডান অনেকগুলো সুযোগ নষ্ট করেছে। এর মধ্যে নাইজেরীয় স্ট্রাইকার ওসই মরিসন একাই নষ্ট করেছেন তিনটি সহজ সুযোগ। কখনো তার শট ক্রস বারে লেগেছে, আবার কখনো গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন।

ইনজুরি সময়েও দুর্ভাগ্য পিছু ছাড়েনি মোহামেডানের। বদলি মিডফিল্ডার মেজবাবুল হক মানিকের দারুণ শট ক্রস বারে লেগে ফিরে এলে হার নিশ্চিত হয়ে যায় দেশের অন্যতম জনপ্রিয় দলটির।

লিগের প্রথম পর্বেও শেখ জামালের কাছে ১-০ গোলে হেরেছিল মোহামেডান।