২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার হোঁচট, অ্যাতলেতিকোর জয়

স্প্যানিশ লা লিগার গুরুত্বপূর্ণ খেলায় রোববার রাতে ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। অন্য খেলায় রিয়াল বেটিসের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 04:26 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

মৌসুমের শুরুটা দুর্দান্ত ছিল স্পেনের অন্যতম সফল দলটির। প্রথম ১৯ ম্যাচে মাত্র দুই পয়েন্ট হারানো বার্সা শেষ তিন ম্যাচের একটিতে হারের পর আবারো পয়েন্ট হারিয়েছে।

২২ খেলায় ৫৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই বার্সা। বেটিসকে হারানোর সুবাদে বার্সার সঙ্গে ১১ পয়েন্টের ব্যবধান ৯ এ নামিয়ে এনেছে সমান খেলায় ৫০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা অ্যাতলেতিকো।

মেসতায়া স্টেডিয়ামে ৩৩ মিনিটে এভার বানেগার গোলে এগিয়ে যায় ২২ খেলায় ৩৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে থাকা ভ্যালেন্সিয়া। স্বাগতিকদের এগিয়ে নেয়া গোলটির স্থপতি সলদাদো।

পেরেইরা পেড্রোকে ফেলে দিলে পেনাল্টি পেয়ে যায় অতিথিরা। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে লিগে টানা চারবারের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির ৩৪তম গোলের সৌজন্যে খেলায় ১-১ সমতা ফেরায় বার্সা।

দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে মেসি সুবিধাজনক জায়গা সেস ফ্র্যাব্রেগাসকে পেয়ে গেলেও স্পেনের তারকার শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৮০ মিনিটে দানি আলভেজের নিচু ক্রস ডেভিড ভিয়াকে পেয়ে গেলে দারুণ এক সুযোগ পেয়ে যায় বার্সা। কিন্তু ভিয়ার শটও জাল খোঁজে পায় নি।

খেলায় শেষ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিল ভ্যালেন্সিয়া। ২০১১ সালের সেপ্টেম্বরে নিজ মাঠে সর্বশেষ লিগ ম্যাচে বার্সাকে ২-২ গোলে রুখে দেয়া স্বাগতিকরা এবার জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো। সিসোখোর নিচু ক্রস জোনাস, সোলদাদোদের পেয়েই যাচ্ছিল, শেষ মুহূর্তে দলকে রক্ষা করেন বার্সা গোলরক্ষক ভিক্টর ভালদেজ।

ভিসেন্ট কালদেরন স্টেডিয়ামে অতিথি বেটিসকে হারাতে ঘাম ঝড়াতে হযেছে অ্যাতলেতিকোকে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের বদলি ডিয়াগো কস্তা স্বাগতিক শিবিরে স্বস্তি ফেরান।

মাঠে নামার পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্যে ৬১ মিনিটে কস্তার গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যাতলেতিকো।