২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি-রোনালদোর হ্যাটট্রিক

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর নৈপুণ্যে স্প্যানিশ লা লিগায় বিশাল জয় পেয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 08:04 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

রোববার স্প্যানিশ লা লিগায় হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদও পেয়েছে বিশাল জয়।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবাউতে রিয়াল ৪-০ গোলে হারিয়েছে গেতাফেকে। আর মেসির চার গোলে ওসাসুনাকে ৫-১এ উড়িয়ে দিয়েছে স্বাগতিক বার্সা।

বার্নাবাউতে গোলশূন্য প্রথমার্ধের পর ৫৩ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন সার্জিও র‌্যামোস। এরপর ৬২ থেকে ৭২ অর্থাৎ মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিন গোল করে হ্যাটট্রিকের উল্লাসে মেতে ওঠেন রোনালদো। এর মধ্যে প্রথমটি ছিল ক্লাব ক্যারিয়ারে এই পর্তুগিজ তারকার ৩০০তম গোল।


রিয়ালের ম্যাচটি ছিল অনেক আগে। প্রধান প্রতিদ্বন্দ্বীর জ্বলে ওঠার খবর হয়তো একটু বেশিই অনুপ্রাণিত করেছে মেসিকে। তাই বোধহয় একটি গোল বেশি করে আবার রোনালদোকে ‘হারিয়ে’ দিয়েছেন টানা চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার।

নিউ ক্যাম্পে একাদশ মিনিটে মেসির লক্ষ্যভেদ দিয়েই বার্সার গোল-উৎসবের সূচনা। ২৪ মিনিটে রাউল লোই সমতা ফিরিয়ে চমকে দিয়েছিলেন স্বাগতিকদের। কিন্তু তিন মিনিট পর আলেহান্দ্রো আরিবাস দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পর দশ জনের দল নিয়ে পেরে ওঠেনি অতিথিরা।

আরিবাস শুধু লাল কার্ডই দেখেননি, হ্যান্ডবল করে পেনাল্টিও দিয়েছেন বার্সাকে। তা থেকে গোল করে মেসি আবার এগিয়ে দেন দলকে।

৪০ মিনিটে ব্যবধান ৩-১ করেন পেদ্রো। ৫৬ ও ৫৮ মিনিটে মেসির আরো দুই গোলে বার্সার বিশাল জয়ও নিশ্চিত হয়ে যায়।

২১ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আরো সুসংহত বার্সা। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে রিয়ালও আছে তৃতীয় স্থানে। অ্যাথলেতিক বিলবাওয়ের কাছে ৩-০ গোলে হেরে গেলেও ৪৭ পয়েন্ট নিয়ে অ্যাতলেতিকো মাদ্রিদের অবস্থান দ্বিতীয়।

লিগে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর পয়েন্টের মতো দুই মহাতারকার গোল-সংখ্যাতেও বিশাল ব্যবধান। ৩৩ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার আসনে মেসি অনেকখানি নিশ্চিন্ত। রোনালদোর গোল ২১টি।