আবার চ্যাম্পিয়ন আজারেঙ্কা
ফাইনালে লি নাকে ৪-৬, ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে নিয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা।
অস্ট্রেলিয়ান ওপেনে টানা দ্বিতীয় বারের মতো শিরোপা জিতেছেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা। শনিবার মহিলা এককের ফাইনালে চীনের লি নাকে ৪-৬, ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন তিনি।
সেমিফাইনালে রাশিয়ার মারিয়া শারাপোভাকে দাঁড়াতেই দেননি প্রতিযোগিতার ষষ্ঠ বাছাই লি না। অন্যদিকে শীর্ষ বাছাই আজারেঙ্কা অসুস্থতা নিয়ে, অনেক লড়াই করে যুক্তরাষ্ট্রের স্লোয়ান স্টিফেন্সকে হারিয়ে পা রাখেন ফাইনালে।
মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় ২ ঘণ্টা ৪০ মিনিট দীর্ঘ ফাইনালে সমানে-সমানে লড়াই হয়েছে। ম্যাচের প্রথম গেমে সার্ভিস করলেও ডাবল ফল্ট করে পিছিয়ে পড়েন লি না। তবে পরের দুটি গেম জিতে এগিয়ে যান তিনি।
প্রথম সেট জিতে শিরোপার সৌরভও পাচ্ছিলেন ২০১১ সালের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন লি না। কিন্তু দ্বিতীয় সেটের মাঝামাঝি গোড়ালির পুরনো চোট মাথাচাড়া দিলে সর্বনাশ হয় তার।
দ্বিতীয় সেটে ১-৩ গেমে পিছিয়ে থাকার সময় গোড়ালিতে চোট পান প্রথম এশীয় হিসেবে গ্র্যান্ড স্লাম বিজয়ী লি না। মেডিকেল টাইম আউটের পর হাসিমুখে কোর্টে ফিরলেও আর ঘুরে দাঁড়াতে পারেননি। উল্টো ভুলের পর ভুল করতে থাকেন।
পুরো ম্যাচে আজারেঙ্কার ২৮টি ‘আনফোর্সড এররস’-এর বিপরীতে তিনি করেন ৫৭টি। এর মধ্যে ২১টিই শিরোপা নির্ধারণী তৃতীয় সেটে।
‘ডাবল ফল্ট’ও বেশি করেছেন লি না, আজারেঙ্কার চারটির বিপরীতে পাঁচটি। ‘উইনার্স’ সংখ্যায় অবশ্য লি না অনেক এগিয়ে। আজারেঙ্কার ১৮টির বিপরীতে তার ঠিক দ্বিগুণ, ৩৬টি।
প্রতিপক্ষের ধারাবাহিক ভুলের সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয় সেট জিতে সমতা নিয়ে আসেন আজারেঙ্কা। এরপর তৃতীয় ও শেষ সেট সহজেই জিতে মেতে ওঠেন টানা দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন জয়ের আনন্দে। এটি অবশ্য তার মাত্র দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা।
তবু শিরোপা ধরে রাখার আনন্দে উদ্ভাসিত আজারেঙ্কা। খেলা শেষে তিনি বলেন, “এই ম্যাচে সব কিছু ছিল। আবেগ, চাপ মুক্তির স্বস্তি, আনন্দ সব কিছু। বিশেষ কিছু অর্জনের আগে খুব কঠিন সময়ের ভেতর দিয়ে প্রত্যেককে যেতে হয়। সেজন্য এই অর্জন আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সৌভাগ্যবশত এই সুন্দর ট্রফিটায় আমিই শেষ পর্যন্ত চুমু দিতে পেরেছি।”
হেরে গিয়ে হতাশ হলেও প্রতিপক্ষকে শুভেচ্ছা জানাতে ভোলেননি লি না। তিনি বলেন, “টানা দ্বিতীয় বারের মতো সাফল্য পাওয়ায় আজারেঙ্কাকে অভিনন্দন জানাচ্ছি।”
