২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ রাউন্ডে ফেদেরার

তৃতীয় রাউন্ডে বার্নার্ড টমিচকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলতে উত্তরণ নিশ্চিত করেছেন রজার ফেদেরার।

রয়টার্স

.

রয়টার্স

Published : 19 Jan 2013, 02:27 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

দ্বিতীয় সেটে একটা সময় ছন্দ হারিয়ে ফেলেছিলেন। তবে সব সংশয় পেছনে ফেলে সরাসরি সেটে জিতেই অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন রজার ফেদেরার। শনিবার তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার বার্নার্ড টমিচকে ৬-৪, ৭-৬(৭-৫) ৬-১ গেমে হারিয়েছেন পুরষদের এককে রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম বিজয়ী।

দ্বিতীয় বাছাই ফেদেরারের মতো শেষ ষোলতে পা রেখেছেন লন্ডন অলিম্পিক ও ইউএস ওপেন চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে, মেয়েদের শীর্ষ বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং লন্ডন অলিম্পিক, ইউএস ওপেন ও উইম্বলডন চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসও।

তৃতীয় বাছাই মারে ৬-৩, ৬-৪, ৭-৫ গেমে লিথুয়ানিয়ার রিকার্ডাস বেরানকিসকে এবং মেয়েদের ‍তৃতীয় বাছাই সেরেনা ৬-১, ৬-৩ গেমে জাপানের আইয়ুমি মোরিতাকে হারিয়েছেন।

মেয়েদের বর্তমান চ্যাম্পিয়ন আজারেঙ্কার জয়টা অবশ্য অতো সহজ ছিল না। যুক্তরাষ্ট্রের জেমি হ্যাম্পটনের বিপক্ষে অনেক লড়াই করে ৬-৪, ৪-৬, ৬-২ গেমে জিতেছেন তিনি।

জয় পেয়েছেন পুরুষদের এককের সপ্তম বাছাই ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গা এবং মেয়েদের দশম বাছাই ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকিও।

তবে হেরে গেছেন পুরুষদের এককের ষষ্ঠ বাছাই আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রো। ফ্রান্সের অবাছাই খেলোয়াড় জেরেমি চার্দির কাছে ৬-৩, ৬-৩, ৬-৭(৭-৩), ৩-৬, ৬-৩ গেমে হার মেনেছেন তিনি।