ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই গোলে পিছিয়ে পড়েও সেভিয়ার বিপক্ষে দারুণ জয় পেয়েছে বার্সেলোনা।
সেস ফেব্রেগাস ও ডেভিড ভিয়ার শেষ সময়ের দুই গোলে স্প্যানিশ লা লিগায় জয় রথ অব্যাহত রেখেছে গত আসরের রানার্সআপ দলটি। নিজে গোল না পেলেও ৩-২ গোলের জয়ের মূল কারিগর তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি।
৬ খেলায় ১৮ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে নিজেদের অবস্থান আরো দৃঢ় করেছে বার্সা। এ জয়ে গত আসরের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের ওপর চাপ আরো বাড়লো আসছে সপ্তাহে এল ক্লাসিকোয় দেখা হওয়ার আগে এই জয়ে আত্মবিশ্বাস আরো বাড়বে ভিলানোভার দলের।
চলতি মৌসুমে ঘরের মাঠে সেভিয়ার রেকর্ড দারুণ। হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে দেয়া সেভিয়ার রক্ষণভাগ লা লিগার অন্যতম সেরা।
বার্সার একের পর এক আক্রমণে দিশেহারা সেভিয়া উল্টো ২৬ মিনিটে এগিয়ে যায় পিটার ট্রচস্কির গোলে। গ্যারি মেডেলের শট হ্যাভিয়ার মাসচেরানোর পায়ে লেগে খুঁজে পায় ট্রচস্কিকে। ঠাণ্ডা মাথায় দেখেশুনে ভিক্টর ভালদেজকে ফাঁকি দিতে কোনো সমস্যা হয় নি ট্রচস্কির।
মিনিট তিনেক পরে সমতা ফেরানোর দারুণ সুযোগ তৈরি করেছিলেন মেসি। তার শট ফেরানোর কোনো সুযোগ স্বাগতিক গোলরক্ষকের ছিলো না। বুক চিতিয়ে ডিফেন্ডার মাদুরো ফিরিয়ে দেন মেসির সেই শট।
দ্বিতীয়ার্ধে বার্সেলোনা কিছু বোঝার আগেই দ্বিতীয় গোল হজম করে বসে। মাঝমাঠে মেসির উদ্দেশে বাড়ানো বল ধরে ফেলে প্রতি আক্রমণে যায় সেভিয়া। বার্সার রক্ষণভাগের কেউ চ্যালেঞ্জ জানানোর আগেই নেগ্রেডোর মাপা ‘চিপ’ ভালদেজের মাথার ওপর দিয়ে জড়ায় বার্সার জালে।
ব্যবধান কমাতে বেশি সময় নেয় নি বার্সেলোনা। ৫২ মিনিটে পেড্রোর শট ব্যর্থ হলেও পরের মিনিটে মেসির ডিফেন্স চেরা পাস কাজে লাগাতে ভুল করেন নি ফেব্রেগাস। গত জানুয়ারির পর এই প্রথম দলের হয়ে গোল করলেন তিনি।
পরের বিশ মিনিটে বার্সা সমতা ফেরানোর অন্তত তিনটি সুযোগ পেয়েছিল। কিন্তু কোনোবারই স্বাগতিক ডিফেন্ডারদের ফাঁকি দিতে পারেন নি মেসি, সানচেজরা।
৭২ মিনিটে ফেব্রেগাসের বুকে ঢুস মেরে মেডেল লাল কার্ড দেখলে আরো রক্ষাণাত্মক হয়ে পড়ে সেভিয়া। ফেব্রোগাসের বুকে হাল্কা ঢুস মারলেও তিনি মুখ ধরে গড়াগড়ি শুরু করলে দশ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা।
৮৯ মিনিটে বার্সার সমতা ফেরানো গোলটি তৈরি করে দেন মেসি। আগের মিনিটে একই ধরনেই সুযোগ তৈরি করে দিয়েছিলেন দ্বিতীয়ার্ধের বদলী ভিয়াকে। তিনি ব্যর্থ হলেও ফেব্রেগাস সফল। সেভিয়ার ডিফেন্ডার বিপদমুক্ত করতে গেলে থিয়াগোর হাতে লেগে বলের গতি পথ পাল্টে যায়। সেখান থেকে বল পেয়ে ফেব্রেগাসকে খুঁজে পান মেসি। এ নিয়ে রেফারির সঙ্গে বাদানুবাদে জড়িয়ে ডাগ আউট ছাড়তে হয় সেভিয়ার ম্যানেজারকেও।
ফেব্রেগাসের দুই গোলে সমতা ফেরানো পর তিন পয়েন্টের জন্য মরিয়া হয়ে উঠে বার্সা। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে বার্সার জন্য স্বস্তি¡র গোলটি আসে ভিয়ার পা থেকে। সেভিয়ার বক্সে মেসির কাছ থেকে বল পেয়ে জয় সূচক গোলটি করতে ভুল করেন নি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৮৩৭ ঘ.
bdnews24