ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির অগ্রযাত্রা অব্যাহত। শনিবার নগর-প্রতিদ্বন্দ্বী আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তারা। কিন্তু হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যান ইউকে তাদেরই মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে টটেনহাম হটস্পার। ম্যানচেস্টার সিটি অবশ্য জিতেছে। পিছিয়ে পড়েও ফুলহামকে ২-১ গোলে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।
দ্বিতীয় মিনিটেই ইয়ান ভারটঙ্গেনের লক্ষ্যভেদে এগিয়ে যাওয়া টটেনহামকে দ্বিতীয় গোল উপহার দেন গ্যারেথ বেল, ৩২ মিনিটের সময়। বিরতির সময় ২-০ গোলের ব্যবধান ধরে রেখে জয়ের স্বপ্ন দেখছিল অতিথিরা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই নাটকীয়তা, দুই মিনিটের ব্যবধানে তিন গোল! ৫১ মিনিটে ন্যানি ব্যবধান কমানোর পরের মিনিটেই আবার দুই গোলের ব্যবধান নিয়ে আসেন ক্লিন্ট ডেম্পসি। ৫৩ মিনিটে শিনজি কাগাওয়া ৩-২ করে উত্তাল করে তোলেন ওল্ড ট্র্যাফোর্ডকে।
প্রায় ৪০ মিনিট হাতে পেয়ে, আক্রমণের বন্যা বইয়ে দিয়েও ম্যান ইউ কিন্তু সমতায় ফিরতে পারেনি। অ্যালেক্স ফার্গুসনের দলের দুর্ভাগ্য, মাইকেল ক্যারিকের হেড সাইড বারে প্রতিহত এবং ওয়েইন রুনির একটি চমৎকার ফ্রিকিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তারা আর গোলের দেখা পায়নি।
তাই ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় স্থানে থাকতে হচ্ছে ম্যান ইউকে। সাউদাম্পটনকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসা এভারটনের পয়েন্ট ১৩।
আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে লন্ডন ‘ডার্বি’তে চেলসির দুটো গোলেরই জন্ম হুয়ান মাতার ফ্রিকিক থেকে। ২০ মিনিটে মাতার ফ্রিকিক স্বাগতিকদের ডিফেন্ডার লরেন্ত কোসিয়েলনি ঠিক মতো বিপদমুক্ত করতে পারেননি। সুযোগটা কাজে লাগিয়ে চ্যাম্পিয়নস লিগ বিজয়ীদের এগিয়ে দেন ফার্নান্দো তরেস।
বিরতির মিনিট তিনেক আগে জার্ভিনহোর লক্ষ্যভেদে সমতায় ফেরে আর্সেনাল। কিন্তু ৫৩ মিনিটে মাতার আরেকটি দুর্দান্ত ফ্রিকিক আবার এগিয়ে দেয় চেলসিকে। সেই অগ্রগামিতা ধরে রেখে মূল্যবান তিনটি পয়েন্টও তাদের। ৬ ম্যাচ থেকে চেলসির সংগ্রহ ১৬ পয়েন্ট।
ঘরের মাঠে দশম মিনিটেই ম্লাদেন পেত্রিচের পেনাল্টি এগিয়ে দিয়েছিল ফুলহামকে। ৪৩ মিনিটে সার্জিও অ্যাগুয়েরো সমতা নিয়ে আসার পর ৮৭ মিনিটে বদলি খেলোয়াড় এডিন জেকোর গোল জয় নিশ্চিত করে ম্যান সিটির।
এই জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে ম্যান সিটি। ম্যান ইউর সমান ১২ পয়েন্ট হলেও গোল গড়ে পিছিয়ে আছে তারা। ম্যান সিটির চেয়ে এক পয়েন্ট পিছিয়ে পঞ্চম স্থানে টটেনহাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০২৪২ঘ.
bdnews24