২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবারো শেখ জামালের মাঝারি মানের দল

২০১০ সালে পেশাদার লিগে আবির্ভাবেই সেরা দল গড়ে সবাইকে চমকে দিয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে গত মৌসুমে সেই দল তারা ধরে রাখতে পারেনি। এবারো মাঝারি মানের দল গড়া শেখ জামাল দলবদলের আনুষ্ঠানিকতা সেরে নিয়েছে শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2012, 01:48 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১০ সালে পেশাদার লিগে আবির্ভাবেই সেরা দল গড়ে সবাইকে চমকে দিয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে গত মৌসুমে সেই দল তারা ধরে রাখতে পারেনি। এবারো মাঝারি মানের দল গড়া শেখ জামাল দলবদলের আনুষ্ঠানিকতা সেরে নিয়েছে শনিবার। শেখ জামালের এবারের দলে সবচেয়ে বড় তারকা মোহামেডান ছেড়ে আসা অভিজ্ঞ ডিফেন্ডার হাসান আল মামুন। অভিজ্ঞ নয়, তরুণদেরই প্রাধান্য দিয়েছে তারা। অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও এই দল নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী শেখ জামালের সভাপতি মঞ্জুর কাদের। তিনি বলেন, “আমাদের দলের তরুণ খেলোয়াড়দের সঙ্গে দেশের বর্তমান তারকা খেলোয়াড়দের তেমন পার্থক্য নেই। অনেক সময় তরুণরাই ভালো খেলে। সে কথা ভেবেই আমরা এবারের দল গড়েছি।” “এই দল নিয়ে শিরোপা লড়াই করার ব্যাপারে আমরা আশাবাদী। দলের খেলোয়াড়দের ওপরে আমার সেই আস্থা আছে। আমার বিশ্বাস তারা হতাশ করবে না,” যোগ করেন শেখ জামালের সভাপতি। শেখ জামালে এবার মুক্তিযোদ্ধা থেকে সবচেয়ে বেশি খেলোয়াড় যোগ দিয়েছে। মুক্তিযোদ্ধার গোলরক্ষক মাকসুদুর রহমান মোস্তাক, ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধুরী ও মোফাজ্জল হোসেন সৈকত, মিডফিল্ডার আলমগীর কবির রানা এবং ফরোয়ার্ড শাকিল আহমেদের নতুন ঠিকানা শেখ রাসেল ধানমন্ডি ক্লাব। এদের সঙ্গে হাসান আল মামুন, শেখ রাসেলের মিডফিল্ডার ইয়ামিন আহমেদ মুন্না, ফেনী সকার ক্লাবের স্ট্রাইকার শাহেদুল আলম এবং ফরাশগঞ্জের গোলরক্ষক সুলতান আহমেদ শাকিলকে নিয়ে এসেছে পেশাদার লিগের সাবেক চ্যাম্পিয়নরা। আর ধরে রেখেছে রায়হান হাসান, অরুপ কুমার বৈদ্য, এনামুল হক শরীফ, মোনায়েম খান রাজু, সোহেল রানা, নাইমুর রহমান শাহেদ, সোহেল রানা, মাসুদ রানা এবং তৌহিদুল আলম সবুজকে। এবার শেখ জামালের কোচের দায়িত্বে আছেন গত মৌসুমে তাদের দলেই খেলে যাওয়া নাইজেরীয় স্ট্রাইকার জোসেফ আফুসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৪৪ঘ.