ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৭ সাল থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়-ব্যয়ের হিসাব সাধারণ সভায় অনুমোদন পাচ্ছে না। এবার তাই বিশেষ সাধারণ সভা ডেকে অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছিলো বাফুফের নির্বাহী কমিটি। বেশিরভাগ কাউন্সিলর বাফুফের পক্ষে রায় দিলেও কয়েক জন কাউন্সিলর শনিবারের এই সভা বয়কট করেন।
তাদের দাবি, তাদের কথা বলার অধিকার খর্ব করা হয়েছে। নড়াইল জেলার কাউন্সিলর আশিকুর রহমান মিকু বলেন, “আমরা কথা বলতে চাইলে আমাদের জোর করে বসিয়ে দেয়া হয়। আমাদের অপমান করা হয়। একজন কাউন্সিলর সম্মানিত ব্যক্তি, তাকে অপমান করার অধিকার কারো নেই।”
“বাফুফে কর্মকর্তাদের লক্ষ্য আমাদের দাবিয়ে রাখা। তাহলে তাদের অবৈধ ব্যয়ের হিসাব পাশ করিয়ে নিতে পারবেন,” যোগ করেন তিনি।
মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুন্নাহার ডানার অভিযোগ, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন তার সঙ্গে অশোভন আচরণ করেছেন। তিনি বলেন, “বাফুফে সভাপতি আমাকে ‘শাট আপ’ বলেছেন। একজন সভাপতি হিসেবে তিনি এমন আচরণ করতে পারেন না। বাফুফের মতো সংস্থায় কাজ করার অধিকারও তার নেই। তার উচিত সভাপতির পদ থেকে সরে দাঁড়ানো।”
“তিনি একজন বিশ্বাসঘাতক। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি,” যোগ করেন ডানা।
অন্যদিকে কাজী সালাউদ্দিনের দাবি, গণ্ডগোল করার লক্ষ্যেই এই কাউন্সিলররা সভায় যোগ দিয়েছিলেন। বাফুফে সভাপতি বলেন, “চার-পাঁচ জনের কাজই হলো গণ্ডগোল করা। তারা শুধু নির্বাচনের সময় হলে বাফুফে ভবনে আসেন। আর আসেন সাধারণ সভার সময়।”
“তারা কখনোই ফুটবলের স্বার্থে আসেন না। নির্বাচন নিয়ে ব্যবসা করাই তাদের উদ্দেশ্য। হয়তো তাদের কেউ ব্যবহার করছে,” যোগ করেন সালাউদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৮০১ঘ.
bdnews24