২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেলের চমকজাগানো দল

গতবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হতে- না হতেই বেশ কয়েক জন তারকা ফুটবলারের সঙ্গে কথা-বার্তা পাকা করে রেখেছিলো শেখ রাসেল ক্রীড়া চক্র। শুক্রবার একসঙ্গে ২২ জনকে নিবন্ধন করিয়ে এ মৌসুমের সবচেয়ে চমকজাগানো ও শক্তিশালী দল গড়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2012, 02:58 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গতবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হতে- না হতেই বেশ কয়েক জন তারকা ফুটবলারের সঙ্গে কথা-বার্তা পাকা করে রেখেছিলো শেখ রাসেল ক্রীড়া চক্র। শুক্রবার একসঙ্গে ২২ জনকে নিবন্ধন করিয়ে এ মৌসুমের সবচেয়ে চমকজাগানো ও শক্তিশালী দল গড়েছে তারা। দল গড়ার জন্য শেখ রাসেল বেছে নিয়েছে তাদের প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে। প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতেই তাদের এই সিদ্ধান্ত। । ২০০৩ সাল থেকে ঢাকার শীর্ষ পর্যায়ের ফুটবলে খেললেও এখনও লিগ চ্যাম্পিয়ন হতে পারেনি শেখ রাসেল। কয়েক মাস আগে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রাসেল ক্রীড়া চক্রর সভাপতি নুরুল আলম চৌধুরীর কাছে জানতে চেয়েছিলেন, “শেখ রাসেল কবে লিগ চ্যাম্পিয়ন হবে?” প্রধানমন্ত্রীর ব্যাকুলতা বুঝতে পেরে এবার শক্তিশালী দল গড়ার সিদ্ধান্ত নেন শেখ রাসেলের কর্মকর্তারা। শুধু শক্তিশালী দল গড়া নয়, শিরোপা জিততেও দৃঢ় প্রতিজ্ঞ নুরুল আলম চৌধুরী। তিনি বলেন, “আগে আমরা চ্যাম্পিয়নশিপ ফাইট দেয়ার জন্য দল গড়তাম। কিন্তু এবার আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়েছি। আশা করি খেলোয়াড়রা আমাদের হতাশ করবে না।” “আমরা যাদের নিয়েছি তারা বেশির ভাগই অভিজ্ঞ। তারা এর আগে বিভিন্ন দলের হয়ে শিরোপার স্বাদ পেয়েছে। আশা করি এবার তারা আমাদের দলকে শিরোপা এনে দেবে,” যোগ করেন শেখ রাসেলের সভাপতি। শেখ রাসেল তারকাসমৃদ্ধ দল গড়ায় সবচেয়ে বেশি ক্ষতির শিকার গতবারের রানার্সআপ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। মুক্তিযোদ্ধার প্রথম একাদশের পাঁচ জন, স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি ও মিঠুন চৌধুরী, মিডফিল্ডার মামুনুল ইসলাম ও রাজন মিয়া এবং ডিফেন্ডার রেজাউল করিমকে দলে নিয়েছে শেখ রাসেল। আবাহনীও কম ক্ষতিগ্রস্ত হয়নি। শেখ রাসেল আবাহনী থেকে ছিনিয়ে নিয়েছে তিন ডিফেন্ডার মামুন মিয়া, নাসিরুল ইসলাম নাসির, আশরাফ মাহমুদ লিঙ্কন ও মিডফিল্ডার জাহিদ হোসেনকে। এই ৯ জনই জাতীয় দলের নিয়মিত ফুটবলার। এদের সঙ্গে বিজেএমসির গোলরক্ষক নেহাল হোসেনকে নিয়ে এসেছে শেখ রাসেল। এই দল নিয়ে নুরুল আলম চৌধুরী আশাবাদী ঠিকই, কিন্তু পাতানো খেলার বিষবাষ্পও শঙ্কিত করে তুলেছে শেখ রাসেলের সভাপতিকে। তিনি বলেন, “বর্তমান পেশাদার লিগ কমিটি নিয়ে আমি তেমন আশাবাদী নই। কারণ পাতানো খেলা প্রতিরোধে তারা খুব একটা সক্রিয় নন।” এই মৌসুুমের শেখ রাসেল ক্রীড়া চক্র : গোলরক্ষক: বিপ্ল¬ব ভট্টাচার্য্য, মোহাম্মদ নেহাল, গোলাম মোস্তফা তুরান। ডিফেন্ডার: আমিনুল ইসলাম, উত্তম কুমার বণিক, রেজাউল করিম রেজা, মামুন মিয়া, নাসিরুল ইসলাম নাসির, আশরাফ মাহমুদ লিঙ্কন, বাপ্পী হাসান মুরাদ, নাহিদুল ইসলাম, তানভীর রানা। মিডফিল্ডার: জাহিদ হোসেন, মামুনুল ইসলাম, ইমন মাহমুদ বাবু, রাজন মিয়া, ইমরুল হাসান ইমু, মোহাম্মদ সুজন। স্ট্রাইকার: জাহিদ হাসান এমিলি, মিঠুন চৌধুরী, আনোয়ার হোসেন, সোহেল রানা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫৬ঘ.