ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনেক দিন পর ব্রাজিল দলে কাকা। আগামী মাসে দুটো প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ২৩ সদস্যের দলে সাবেক ফিফা বর্ষসেরা ফুটবলারকে রেখেছেন ব্রাজিলের কোচ মানো মেনেজেস।
১১ অক্টোবর সুইডেনে ইরাকের বিপক্ষে এবং তার পাঁচ দিন পর পোল্যান্ডে জাপানের বিপক্ষে খেলবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে ২-১ গোলে হেরে যাওয়ার পর আর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পাননি কাকা। গত কয়েক মৌসুমের ক্রমাগত চোটই তার কারণ।
এর আগেও একবার মেনেজেসের দলে ডাক পেয়েছিলেন কাকা। কিন্তু গত বছর গ্যাবন ও মিশরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের দলে থাকলেও শেষ পর্যন্ত চোটের কারণে সরে দাঁড়াতে বাধ্য হন রিয়াল মাদ্রিদ তারকা ।
ব্রাজিল দল:
গোলরক্ষক: জেফারসন, দিয়েগো আলভেস, ভিক্টর।
ডিফেন্ডার: আদ্রিয়ানো, দানিয়েল আলভেস, আলেক্সান্দ্রো, মার্সেলো, ডেভিড লুইজ, দেদে, লিয়ান্দ্রো কাস্তান, থিয়াগো সিলভা।
মিডফিল্ডার: ফার্নান্দো, পাউলিনহো, জিউলিয়ানো, রামিরেস, অস্কার, সান্দ্রো, কাকা, লুকাস, থিয়াগো নেভেস।
ফরোয়ার্ড: হাল্ক, লিয়ান্দ্রো দামিয়াও, নেইমার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৫৫ঘ.
bdnews24